'বাংলায় গণতন্ত্র নয়, তৃণমূলের সন্ত্রাসের রাজত্ব চলছে', আসানসোলে কংগ্রেস কর্মী খুনের ঘটনায় বিচারের দাবি রাহুল গান্ধীর
পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী হিংসায় কংগ্রেস কর্মী দেবদীপ চ্যাটার্জির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি এই ঘটনার জন্য 'তৃণমূল-ঘনিষ্ঠ দুষ্কৃতীদের' দায়ী করে অবিলম্বে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন। এদিন রাহুল গান্ধী এক্স-এ একটি পোস্টের মাধ্যমে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
ঘটনার সময় নিয়ে প্রশ্ন তুলে গান্ধী বলেছেন, তৃণমূলের চরিত্রই হল "বিরোধী কণ্ঠস্বরকে ভয় দেখানো, আক্রমণ করা এবং নির্মূল করা"। তিনি তাঁর পোস্টে উল্লেখ করেন, "নির্বাচন পরবর্তী সময়ে তৃণমূল-ঘনিষ্ঠ দুষ্কৃতীদের হাতে কংগ্রেস কর্মী দেবদীপ চ্যাটার্জির হত্যা চরম নিন্দনীয়। শোকাহত পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা।"

কংগ্রেস নেতা আরও বলেন, "পশ্চিমবঙ্গে আজ গণতন্ত্র নয়, তৃণমূলের সন্ত্রাসের রাজত্ব চলছে। ভোট দেওয়ার পর বিরোধী কণ্ঠস্বরকে ভয় দেখানো, আক্রমণ করা এবং নির্মূল করাই তৃণমূলের মূল চরিত্র হয়ে দাঁড়িয়েছে।" গান্ধী স্পষ্ট করে দেন যে কংগ্রেসের রাজনীতি কখনো হিংসা-নির্ভর ছিল না, সর্ম্পূণ গণতান্ত্রিক প্রক্রিয়া নির্ভর থাকে। তারা সর্বদা সাংবিধানিক এবং অহিংস রাজনৈতিক মূল্যবোধগুলিকে সমুন্নত রেখেছে।
তিনি অভিযুক্তদের "কঠোরতম শাস্তি" দাবি করেছেন এবং নিহত দেবদীপের পরিবারের জন্য সুরক্ষা ও ক্ষতিপূরণের আর্জি জানিয়েছেন। রাহুল গান্ধী তাঁর পোস্টে আরও লিখেছেন, "কংগ্রেসের রাজনীতি কখনই হিংসার উপর ভিত্তি করে ছিল না, ভবিষ্যতেও হবে না। আমরাও আমাদের কর্মীদের হারিয়েছি, তবুও আমরা সবসময় অহিংসা ও সংবিধানের পথ বেছে নিয়েছি। এটি আমাদের ঐতিহ্য, এটি আমাদের সংকল্প।"
তিনি আরও যোগ করেন, "দাবি স্পষ্ট – সকল দোষীকে অবিলম্বে গ্রেফতার, কঠোরতম শাস্তি, এবং দেবদীপের পরিবারের জন্য পূর্ণ নিরাপত্তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করা হোক। ভারতের অহিংস ঐতিহ্যকে কলঙ্কিত করে এমন রাজনীতির কাছে আমরা মাথা নত করব না। ন্যায়বিচার হবেই।"
এদিকে, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি এই প্রাণঘাতী ঘটনাকে "হতবাক করার মতো" বলে অভিহিত করেছে, বিশেষ করে নির্বাচন পরবর্তী সময়ে। কমিটির অভিযোগ, তৃণমূলের সঙ্গে যুক্ত দুষ্কৃতীরা দেবদীপকে "আক্রমণ ও প্রহার" করে, যার জেরে তিনি প্রাণ হারান।
এক্স-এ করা এক পোস্টে কমিটি জানিয়েছে: "পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি আসানসোলে কংগ্রেস সমর্থক দেবদীপ চ্যাটার্জির নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছে। তিনি আসানসোল উত্তর কংগ্রেস প্রার্থী শ্রী প্রসেনজিৎ পুইতন্ডির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতেন। নির্বাচন পরবর্তী হিংসার এক মর্মান্তিক ঘটনায় তাঁকে আক্রমণ করা হয়।"
কমিটি আরও জানায়, "শাসক দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত দুষ্কৃতীরা তাঁকে আক্রমণ করে এবং প্রহার করে, যার কিছুক্ষণ পরেই তিনি আঘাতের জেরে মারা যান।" এই ঘটনাকে "আইনশৃঙ্খলা পরিস্থিতির সম্পূর্ণ ভেঙে পড়া" হিসাবে উল্লেখ করে কমিটি অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার, নিরপেক্ষ তদন্ত এবং নিহতদের পরিবারের জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণের দাবি জানিয়েছে।












Click it and Unblock the Notifications