বর্ষশেষের দিনে শীতলতম কলকাতা! কোথায় কত ডিগ্রিতে নামল তাপমাত্রা, নতুন বছরের শুরুতে পরিস্থিতি হবে কেমন?
রাজ্যের বিভিন্ন অংশে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে। ফলে তীব্র শীত অনুভূত হচ্ছে। আবহাওয়া দফর জানিয়েছে, হিমালয় সংলগ্ন জেলাগুলিতে আগামী এক সপ্তাহ এই শৈত্যপ্রবাহ চলবে।
২০২৫ সালের শেষ দিনে কলকাতা মরসুমের সর্বনিম্ন ১১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে, যা স্বাভাবিকের চেয়ে ২.৮ ডিগ্রি কম ছিল।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহের শেষে হিমালয় সংলগ্ন জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে। দার্জিলিংয়ের উচ্চতর অংশে আগামী তিন দিন হালকা বৃষ্টি অথবা তুষারপাত হতে পারে। কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারের মতো হিমালয় সংলগ্ন জেলাগুলিতেও একই সময়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তবে, দক্ষিণবঙ্গের বাসিন্দারা শুক্রবার থেকে কিছুটা স্বস্তি পেতে পারেন, কারণ পরবর্তী তিন দিনে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। আগামী চার দিন পশ্চিমবঙ্গের সব জেলাতেই সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে।
এদিকে, বুধবার দার্জিলিংয়ের পার্বত্য পর্যটন কেন্দ্রে তাপমাত্রা নেমে দাঁড়িয়েছিল ৩.৪ ডিগ্রি সেলসিয়াসে, যা ছিল রাজ্যের মধ্যে সর্বনিম্ন। সমতলের শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬.৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া, কল্যাণী (৭), বর্ধমান (৮), বাঁকুড়া (৮), কালিম্পং (৮.৩), পানাগড় (৯.২) এবং কলাইকুন্ডা (৯.৪)-র মতো আরও কয়েকটি স্থানে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে ছিল।












Click it and Unblock the Notifications