গঙ্গাসাগর মেলার প্রস্তুতি দেখতে সাগর যাবেন মুখ্যমন্ত্রী, রয়েছে একাধিক কর্মসূচি
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ৫ জানুয়ারি দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগরদ্বীপে যাচ্ছেন। নবান্ন সূত্রে এ কথা জানা গিয়েছে।
গঙ্গাসাগর মেলার চূড়ান্ত প্রস্তুতি খতিয়ে দেখাই তাঁর মূল উদ্দেশ্য।

এই সফরে মুখ্যমন্ত্রী জেলা প্রশাসনের পদস্থ আধিকারিকদের সঙ্গে একটি প্রস্তুতি বৈঠক করবেন। এ ছাড়াও তিনি একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। মুড়িগঙ্গা নদীর ওপর ৪ কিলোমিটার দীর্ঘ একটি সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনও তাঁর কর্মসূচির অংশ।
এই ৪ কিলোমিটার দীর্ঘ সেতুটি নির্মাণে আনুমানিক ১৭ কোটি টাকা ব্যয় হবে। এটি আগামী চার বছরের মধ্যে সম্পূর্ণ হবে বলে আশা করা হচ্ছে। নবান্নের এক আধিকারিক জানান, নতুন বছরের শুরুতেই মুখ্যমন্ত্রী গঙ্গাসাগর মেলার চূড়ান্ত ব্যবস্থাপনা সরেজমিনে পরিদর্শন করবেন।
সম্ভাব্য কর্মসূচি অনুযায়ী, ৫ জানুয়ারি তিনি সাগরদ্বীপে পৌঁছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে প্রস্তুতি বৈঠক করে ৬ জানুয়ারি কলকাতায় ফিরবেন।
মুখ্যমন্ত্রী সম্প্রতি নবান্নে মেলা প্রস্তুতি নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেছিলেন। গঙ্গাসাগর মেলা চলবে ১০ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত। মকর সংক্রান্তির পুণ্যস্নান ১৪ জানুয়ারি।












Click it and Unblock the Notifications