SIR আতঙ্কে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে মমতা! মৃত এবং অসুস্থদের পরিবারকে কত টাকা দেবেন? ঘোষণা মুখ্যমন্ত্রীর
রাজ্যে SIR আতঙ্কে মৃত এবং ক্ষতিগ্রস্তদের পরিবারের জন্য আর্থিক সাহায্যের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি জানালেন, SIR আতঙ্কে যে সমস্ত ব্যক্তিরা অসুস্থ হয়ে পড়ছেন তারাও পাবেন আর্থিক সাহায্য।

বাংলায় এসআইআর চালু হয়েছে গত ২৮ অক্টোবর থেকে। জোরকদমে চলছে ভোটার তালিকা নিবিড় সংশোধন (SIR)-এর প্রক্রিয়া। পশ্চিমবঙ্গ সহ আরও ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এই ভোটার তালিকা নিবিড় সংশোধন (SIR)-এর প্রক্রিয়া চলছে। এই এসআইআর (SIR)-এর কাজের প্রচণ্ড চাপ সহ্য করতে হচ্ছে বিএলও-দের। কেউ অসুস্থ হয়ে পড়ছেন, কেউ কেউ আবার আতঙ্কে আত্মহত্যা করছেন।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে, এখনও পর্যন্ত রাজ্যে SIR আতঙ্কে আত্মহত্যা সহ ৩৯ জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। তিনি আজ বলেন, SIR আতঙ্কে মৃত্যু হওয়া প্রত্যেকের পরিবার ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য পাবে।" SIR আতঙ্কের কারণে এখনও পর্যন্ত অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ১৩ জন। এই ১৩ জনের মধ্যে কাজের চাপের শিকার রয়েছেন ৩ জন বিএলও। এই ১৩ জন মানুষ আর্থিক সাহায্য পাবেন ১ লক্ষ টাকা করে। প্রসঙ্গত, এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে কাজের চাপে মৃত্যু হওয়ার অভিযোগ উঠেছে চার জন বুথ লেভেল অফিসারের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই চার জনের মধ্যে দু'জনের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দিয়েছে সরকার।












Click it and Unblock the Notifications