আপনারা ধর্মীয় কার্ড খেলেন...আমি একজন হিন্দু, সার্টিফিকেট নেব আপনাদের থেকে! সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা
CM Mamata Banerjee: আজ মঙ্গলবার বিধানসভার বাজেট অধিবেশন উত্তাল হল বিরোধীদের বিক্ষোভে। প্রবল বিক্ষোভের মাঝে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও বক্তব্য থামিয়ে দিতে হয়। এদিন কালো পোশাকে, ব্য়ানার হাতে বিক্ষোভ দেখাতে দেখা যায় বিরোধী তথা বিজেপি বিধায়কদের। সেই অধিবেশন থেকেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কড়া বার্তা দেন মমতা।
এদিন বক্তব্য রাখতে গিয়ে বিজেপি নেতা শঙ্কর ঘোষ বলেন, "ফিরহাদ হাকিম , সিদ্দিকুল্লা , হুমায়ুন কবির প্রতিদিন হিন্দুদের আক্রমণ করে চলেছেন। তাদের বেলা কী হবে?" এই প্রশ্নের উত্তরে মমতা জানান, ফিরহাদ হাকিম যে মন্তব্য করেছেন, তা না করার বার্তা তিনি দিয়েছেন। একই সঙ্গে মমতার (CM Mamata Banerjee) দাবি, বিজেপিই ধর্মের কার্ড খেলছে। সব ধর্মকে সম্মান করার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।

এদিন মমতা (CM Mamata Banerjee) স্পষ্ট বলেন, 'চেয়ারে যখন বসেছি, তখন সেটা সবারই জন্য।' মমতা মনে করিয়ে দেন, সরস্বতী পুজো নিয়ে তাঁকে বিরোধীরা যেভাবে আক্রমণ করেছিলেন, তার জবাব দিয়ে তিনি তথ্য সহ পেশ করেছেন বিধানসভায়। বিজেপির উদ্দেশে মুখ্যমন্ত্রী আরও বলেন, ধর্মের নামে জালিয়াতি করবেন না। হিন্দু ধর্ম রক্ষা করা আমার কর্তব্য। আমি একজন হিন্দু, সেটা আপনাদের থেকে সার্টিফিকেট নিতে হবে না।
তাঁর কথায়, বিজেপি যে ধর্মের কথা বলছে, সেই ধর্ম বিবেকানন্দের ধর্ম নয়। বিজেপি কেন সংখ্য়ালঘুদের টিকিট দেয় না, সেই প্রশ্ন তুলেছেন মমতা। এই প্রসঙ্গে তিনি উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌদি আরব সফরে যান। সেই দেশের সঙ্গেও প্রধানমন্ত্রীর সম্পর্ক ভাল।
মমতা এদিন সংখ্যালঘুদের আশ্বাস দিয়ে বলেন, "আপনারা চিন্তা করবেন না। নিশ্চিন্তে থাকুন।" রমজান মাসকে বেছে নিয়ে সংখ্যালঘুদের আঘাত করা হচ্ছে বলে দাবি করেছেন মমতা। তাঁর দাবি, বিজেপি বাংলা ভাগ করার চেষ্টা করছে। বাংলাদেশের বহু হিন্দুকে পশ্চিমবঙ্গে আশ্রয় দেওয়া হয়েছে বলেও জানান মমতা। তাঁর কথায়, চেয়ারে বসা মানে এই নয় যে দেশ ভাঙতে দেওয়া যায়।
সাসপেন্ড হওয়ায় এদিন বিধানসভার বাইরে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মমতার বক্তব্যের পর বাইরে দাঁড়িয়েই সংবাদমাধ্যমের সামনে ক্ষোভ উগরে দেন শুভেন্দু। পাল্টা জবাব দিতে গিয়ে এদিন ফের একবার মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নন্দীগ্রামের ফলাফলের কথা মনে করিয়ে দিয়েছেন শুভেন্দু। তিনি বলেন, "চার বছরেও হারের জ্বালা ভুলতে পারেননি। হিন্দুদের উপর আক্রমণের কথা বলেছি। এটাই আমার অপরাধ। ভবানীপুরেও চ্যালেঞ্জ নিয়ে হারাব।"












Click it and Unblock the Notifications