সরকারি হাসপাতালে এখনও ঘুরছে সিভিক! কলকাতা পুলিশ সরালেও সেই পুরনো ছবি বাঁকুড়ায়
Civic volunteer: আরজি করের ঘটনার পর থেকে রাজ্যে সিভিকদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সম্প্রতি এই বিষয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়েছে রাজ্য সরকার। এই সমস্ত সিভিকদের নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছে। এমনকি হাসপাতাল সহ সমস্ত গুরুত্বপূর্ণ জায়গার দায়িত্ব থেকে সিভিকদের অব্যাহতি দেওয়ার কথা বলেছে আদালত।
এই অবস্থায় সুপ্রিম কোর্টের যাবতীয় প্রশ্নের উত্তর দিতে 'সিভিক সুমারী' শুরু হয়েছে বলেই খবর। সূত্রের খবর, এই মুহূর্তে এরাজ্যে কর্মরত সিভিক ভলান্টিয়ারের((Civic volunteer) সংখ্যা ১ লক্ষ ৪০ হাজারের কাছাকাছি। এর মধ্যে শুধুমাত্র বাঁকুড়া জেলায় সেই সংখ্যা ৪ হাজার ৯০০ জন। সুপ্রিম নির্দেশিকার পরেও হেলদোল নেই স্থানীয় পুলিশ প্রশাসনের!

এখনও পর্যন্ত বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বহির্বিভাগ থেকে জরুরী বিভাগ সর্বত্র সিভিক ভল্যান্টিয়ারদের নিরাপত্তার দায়িত্ব সামলাতে দেখা যাচ্ছে। এই অবস্থায় ওই সব সিভিকদের 'ঢাল তলোয়ার বিহীন সিপাই' বলছেন হাসপাতালে ভর্তি থাকা রোগীর আত্মীয়দের একাংশ। সনগিরি হেমব্রম নামে এক ব্যক্তি বলেন, চিকিৎসক থেকে রোগী কিম্বা তাদের আত্মীয়দের নিরাপত্তা কখনোই কোন সিভিক দিতে পারবেনা। এর জন্য পর্যাপ্ত পুলিশী ব্যবস্থা প্রয়োজন বলে তিনি জানান।
অন্যদিকে জুনিয়র চিকিৎসক তনয় মজুমদারের দাবি, বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সিভিক ও স্থানীয় চুক্তি ভিত্তিক নিরাপত্তারক্ষী যা রয়েছে তা পর্যাপ্ত নয়। এই অবস্থায় তাঁরা নিরাপত্তাহীনতার মধ্যে কাজ করছেন বলে জানান।
অনদিকে এই বিষয়ে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডাঃ পঞ্চানন কুণ্ডু বলেন, হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে সিভিকদের থাকার বিষয়টি পুলিশের পক্ষ থেকে দেখা হচ্ছে। এছাড়াও হাসপাতালের নিজস্ব নিরাপত্তা রক্ষী নিয়োগের কাজ চলছে বলেও তিনি জানান।
পাশাপাশি পুলিশ সুপার বৈভব তিওয়ারীকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, সুপ্রিম কোর্টের কোন নির্দেশ হাতে পাইনি। ওই নির্দেশ না পাওয়া পর্যন্ত এবিষয়ে তিনি কোন মন্তব্য করবেন না বলে জানান।
নড়েচড়ে বসেছে কলকাতা পুলিশ
তবে সিভিক নিয়ে সুপ্রিম তোপের মুখে পড়তেই নড়েচড়ে বসেছে কলকাতা পুলিশ। আদালতের নির্দেশের পরেই আরজি কর হাসপাতালের নিরাপয়ত্তায় থাকা ২৯ জন সিভিককে সরিয়ে নেওয়া হয়। পরে এই বিষয়ে কড়া একটি নির্দেশিকা কলকাতা পুলিশের তরফে দেওয়া হয়।
যেখানে স্পষ্ট বলা হয়, সমস্ত স্কুল এবং হাসপাতালের নিরাপত্তার দায়িত্ব থেকে সিভিক ভলান্টিয়ারদের সরাতে হবে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার মধ্যে এই নির্দেশ কার্যকর করার নির্দেশ দেওয়া হয় কলকাতা পুলিশের তরফে। শুধু তাই নয়, এই বিষয়ে সকল ডিসি এবং অন্যান্য দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে রিপোর্টও পাঠাতে বলা হয়েছে।












Click it and Unblock the Notifications