খড়্গপুরে তৃণমূলের শেষ দিনের প্রচারে ফিরহাদ হাকিমের মিছিলে পতাকা নিয়ে হাঁটল কচিকাঁচারা
নির্বাচনের প্রচারের শেষ দিন ছোট ছোট ছেলেদের হাতে দলীয় পতাকা নিয়ে মিছিলে হাঁটালো তৃণমূল কংগ্রেস। শনিবার খড়্গপুর বিধানসভা উপ নির্বাচনের প্রচারে শেষ দিন, পাঁচবেরিয়া থেকে মিছিল বের করে তৃণমূল কংগ্রেস। এই মিছিলে হাঁটেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম, প্রার্থী প্রদীপ সরকার, জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি অজিত মাইতি, বিধায়ক দীনেন রায় সহ অন্যান্যরা।

এই মিছিলের সামনে তৃণমূল কংগ্রেসের দলের পতাকা নিয়ে, টুপি পড়ে হাঁটে এই ছোট ছোট ছেলেরা। তারা বেশ কিছু জায়গাতে গানের সঙ্গে নাচতে থাকে । এই ভাবে শিশু নাবালকদের কেন মিছিলে হাঁটানো হল তা নিয়ে এলাকার বেশ কয়েক জন প্রশ্ন তুলেছেন।
এই নিয়ে তৃণমূল কংগ্রেসের সমালোচনাও করেছে বিজেপি ও কংগ্রেস।
যদিও এর মধ্যে কোনো অন্যায় বা খারাপ কিছু নেই বলে দাবি করেছেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি ।অজিত মাইতি বলেন, সব সময় ছিদ্রানেশ্বন করেন কেন? এর মধ্যে কোনো অন্যায় নেই। সব দলেই এটা হয়। কেউ এই সব ছোট ছেলের হাতে জোর করে পতাকা ধরিয়ে দেয়নি। তারা উত্সাহী হয়ে নিজেরাই এই ভাবে এসেছে।"
আর খড়গপুরের কংগ্রেসের নেতা দেবাশীষ ঘোষ এবং বিজেপি নেতা গৌতম ভট্টাচার্য বলেন, আসলে বড়রা কেউ আর তৃণমূল কংগ্রেসের পতাকা ধরে তাদের সঙ্গে যেতে চাইছে না। তাই ছোট ছোট ছেলেদের হাতে দলীয় পতাকা নিয়ে মিছিলে হাঁটাতে হচ্ছে তৃণমূল কংগ্রেসকে।












Click it and Unblock the Notifications