Dilip Ghosh: মুখ্যমন্ত্রী দুটি কুমিরছানা দেখাচ্ছেন, বাণিজ্য সম্মেলন নিয়ে কটাক্ষ দিলীপ ঘোষের
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার বার দুটি কুমিরছানা দেখান। বাণিজ্য সম্মেলন মেটার ২৪ ঘণ্টাও কাটেনি। ফের তীব্র কটাক্ষ বিজেপি সাংসদ দিলীপ ঘোষের। ধারাবাহিকভাবে রাজ্য সরকার ও শাসক দলকে আক্রমণ করে চলেছেন দিলীপ। বৃহস্পতিবার সকালেও তার ব্যতিক্রম কিছু হয়নি।
দুদিন ব্যপী রাজ্যে শিল্প সম্মেলন ছিল৷ বুধবার রাতে সেটি শেষ হয়েছে। প্রচুর টাকার লগ্নি হয়েছে এবার। শিল্পের জোয়ার আসছে। এমন দাবি করছে তৃণমূল কংগ্রেসের নেতারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবারের মতো এবারও এই সম্মেলন সম্পর্কে উচ্ছ্বসিত। সপ্তম বাণিজ্য সম্মেলন শেষ হল।

রাজ্যে ৩ লক্ষ ৭৬ হাজার ২৮৮ কোটি টাকা এবার রাজ্যের প্রাপ্তি। এমনটাই জানানো হচ্ছে। কিন্তু বিরোধীদের এই কথা বিশ্বাস করতে পারছে না। বিরোধীদের বক্তব্য, এর আগের বাণিজ্য সম্মেলনগুলি থেকে কোনও প্রাপ্তি নেই। এবারও সরকার যে কথা বলছে, তার কোনও ভিত্তি নেই।
বিজেপি সাংসদ গতকাল বুধবারও একইভাবে এই সম্মেলন সম্পর্কে কটাক্ষ করেছিলেন। বৃহস্পতিবার প্রাত:ভ্রমণে নিয়ে নিউটাউনেও একই কথা বললেন। তাঁর মতে এটি ব্যর্থ প্রচেষ্টা। এর আগের সম্মেলনগুলি থেকে কিছুই পাওয়া যায়নি। কোন শিল্প হয়েছে জানা যায়নি। এর আগের সম্মেলনগুলির নিট ফল কিছুই দেখা যাচ্ছে না।
এদিন দিলীপ ঘোষ খোঁচা মারার পরিমাণও বাড়িয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুটি কুমিরছানা বারবার দেখাচ্ছেন। তাজপুর বন্দর ও দেউচা পাঁচামি এই দুটি প্রকল্প নিয়ে তৃণমূল প্রচার করছে। কিন্তু কোনও অগ্রগতি নেই। এই প্রকল্পদুটির ভবিষ্যৎ কী? সেই নিয়েও প্রশ্ন বিরোধীদের।
এই দুটি প্রকল্পকে বার বার দেখাচ্ছেন মুখ্যমন্ত্রী। দিলীপের কথায়, তাজপুর বন্দর ও দেউচা পাঁচামিকে দেখানো হচ্ছে। এখনও টেন্ডার পালটানো হচ্ছে। আদানি হাত তুলে নিয়েছে? আর কি কেউ করবে? রাজ্যের আইনশৃঙ্খলা নিয়েও প্রশ্ন তুলেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। একের পর এক খুন, শ্যুট আউটের ঘটনা হচ্ছে। যে রাজ্যে জীবন ও সম্পত্তির কোনও নিশ্চয়তা নেই। সেখানে শিল্প সম্মেলন করে কী হবে? কটাক্ষ সাংসদের।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভার অনুমতি নিয়ে জলঘোলা হচ্ছে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গিয়েছে রাজ্য। দিলীপ ঘোষের কথায়, রাজ্য ভাবছে সভা আটকে বিজেপিকে আটকাবে। কিন্তু এভাবে বিজেপিকে আটকানো যায় না।












Click it and Unblock the Notifications