'বাড়ি বাড়ি যান'! হঠাৎ BLA দের সাথে বৈঠক মমতার, কোন পরিকল্পনা? কী কী বার্তা দিলেন? জানুন বিস্তারিত
ভোটের আগে বুথ স্তরের সংগঠনকে আরও শক্ত করে তুলতে তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বুথ লেভেল এজেন্ট (BLA)-দের সঙ্গে বৈঠকে বসে তিনি একাধিক স্পষ্ট নির্দেশ দিয়েয়েছেন। শুধু তাই নয়, কাজ না করা কাউন্সিলারদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়ার বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী।

সভা থেকে তিনি বলেন, "ভোটার তালিকা সংক্রান্ত কাজকে আর হালকাভাবে নিলে চলবে না। প্রতিটি ব্লকে, প্রতিটি বুথে গিয়ে নজরদারি করতে হবে। ভোটার তালিকা ধরে বাড়ি বাড়ি গিয়ে খোঁজও নিতে হবে। কার নাম বাদ পড়েছে, কার নাম নতুন করে তোলার আবেদন হয়েছে, সবটাই খতিয়ে দেখতে হবে।"
মুখ্যমন্ত্রীর কথায়, "যাঁরা ফর্ম ৬ এবং ফর্ম ৮ জমা দিচ্ছেন, তাঁদের পাশে দাঁড়াতে হবে BLA-দের। হাসিমুখে সাহায্য করতে হবে, শুনানির নোটিস পেয়েছেন কি না তাও নিশ্চিত করতে হবে। শুধু নোটিস পাওয়াই নয়, শুনানির দিন তাঁরা যেন হাজির থাকেন, সেটাও দেখার দায়িত্ব BLA-দের।" সেইসঙ্গে তিনি বাইরের রাজ্যের কেউ ভোটার তালিকায় নাম ঢোকানোর চেষ্টা করছে কি না, সে দিকটাও কড়া নজর রাখার নির্দেশ দিয়েছেন তিনি।
তারপর কাউন্সিলরদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, "বাড়ি বাড়ি গিয়ে সমস্ত কাজ সম্পূর্ণভাবে করতে হবে। শুধু অফিসে গিয়ে বসে থাকলে চলবে না। BLO-দের কাজের সমস্যায়ও কাউন্সিলরদেরই এগিয়ে আসতে হবে।" যাঁরা যাঁরা এই দায়িত্ব পালন করছেন না, তাঁদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।
BLA-দের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর মূল নির্দেশ:
- ব্লক ধরে ধরে মাঠে নামতে হবে BLA-দের।
- ভোটার তালিকা হাতে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে যাচাই করতে হবে।
- যাঁরা ফর্ম ৬ এবং ফর্ম ৮ জমা দিচ্ছেন, তাঁদের হাসিমুখে সহযোগিতা করতে হবে।
- তাঁরা শুনানির নোটিস পেয়েছেন কি না, তা নিশ্চিত করতে হবে।
- শুনানির দিন ভোটার যেন নির্দিষ্ট জায়গায় উপস্থিত থাকেন, সেটাও দেখতে হবে।
- বাইরের রাজ্যের কোনও ভোটার তালিকায় নাম তোলার চেষ্টা করছে কি না, সেই দিকটাও নজর রাখতে হবে।
- AI বা প্রযুক্তি ব্যবহার করে ভোটার তালিকায় কোনও কারচুপি হচ্ছে কি না, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
- শুনানির সময় BLA-দের পুরো প্রক্রিয়ায় নজরদারি করতে হবে।
- পার্টি অফিসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে।
ভোটার তালিকা যাচাই নিয়েও বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে:
- মৃত, নিখোঁজ অথবা দীর্ঘদিন ধরে অনুপস্থিত ভোটারদের তালিকা ধরে বাস্তব যাচাই করতে হবে।
- জীবিত ভোটারদের ফর্ম ৬ এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে।
- BLO যাঁদের 'আনম্যাপড' হিসেবে চিহ্নিত করেছে, তাঁরা শুনানির নোটিস পেয়েছে কি না তা দেখতে হবে।
- ওই ভোটারদের কাছে ২০০২ সালের SIR তালিকার কপি অথবা ১১টি নথির যেকোনও একটি রাখতে হবে।
- যাঁদের কাছে প্রয়োজনীয় নথি নেই, তাঁদের ক্ষেত্রে স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট অথবা সামাজিক শংসাপত্র ব্যবহার করতে হবে।
- সরকার পরিচালিত 'মে আই হেল্প ইউ' ক্যাম্পে সাহায্য করবে BLA-2।
শেষে স্পষ্ট ভাষায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে, যাঁদের বিরুদ্ধে দলের ভাবমূর্তি নষ্ট করার অভিযোগ উঠবে প্রয়োজনে তাঁদের সরিয়ে দেওয়া হবে। তিনি কাউন্সিলর হোন বা ব্লক প্রেসিডেন্ট। বুথ স্তরের সংগঠনই যে আসন্ন নির্বাচনে সবথেকে বড় ভরসা, তা এ দিনের সভা থেকে আবারও স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী।












Click it and Unblock the Notifications