ভোটের পাঠে ছোটা ভীম, তরুণদের দ্বিধা কাটাতে কমিশনের নতুন উদ্যোগ
আসন্ন ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভোটার সচেতনতা বাড়াতে এক অভিনব পথ বেছে নিল নির্বাচন কমিশন। ছোটদের প্রিয় কার্টুন চরিত্র 'ছোটা ভীম' কে সঙ্গী করে শুরু হচ্ছে বিশেষ প্রচার, যার মূল লক্ষ্য প্রথমবার ভোট দিতে যাওয়া তরুণ প্রজন্মকে সঠিক তথ্য পৌঁছে দেওয়া।
রাজ্যে ভোট গ্রহণ হবে আগামী ২৩ ও ২৯ এপ্রিল। তার আগে ভোটারদের মধ্যে নানা প্রশ্ন ও সংশয় দূর করতে এই উদ্যোগকে বিশেষ গুরুত্ব দিচ্ছে কমিশন। ভোটার তালিকায় নাম তোলা থেকে শুরু করে ভোটার আইডি কার্ড না থাকলেও কীভাবে ভোট দেওয়া সম্ভব এই সমস্ত বিষয় সহজ ভাষায় তুলে ধরা হবে 'ছোটা ভীম' এর মাধ্যমে।

এই উদ্যোগে অংশ নিয়ে উচ্ছ্বসিত 'ছোটা ভীম' এর স্রষ্টা তথা গ্রিন গোল্ড অ্যানিমেশনের সিইও রাজীব চিলাকা। তাঁর কথায়, ভীমের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ভোটের গুরুত্ব সম্পর্কে মানুষকে সচেতন করাই মূল লক্ষ্য। ইতিমধ্যেই তৈরি হয়েছে বিশেষ কমিকস, যেখানে সহজ ও আকর্ষণীয় উপায়ে ভোটদানের নিয়মকানুন ব্যাখ্যা করা হয়েছে।
চিলাকা জানান, "ভারতের বিপুল তরুণ জনগোষ্ঠীর মধ্যে অনেকেই প্রথমবার ভোট দিতে গিয়ে বিভ্রান্ত হন। সেই দ্বিধা কাটাতে ও তাঁদের ভোটকেন্দ্রে টানতেই এই উদ্যোগ।" তিনি আরও বলেন, শুধু ছোটদের নয়, বড়দের মধ্যেও ভীমের গ্রহণযোগ্যতা থাকায় এই প্রচার আরও বেশি মানুষের কাছে পৌঁছাবে।
জানা গিয়েছে, পশ্চিমবঙ্গে শুরুর পর এই সচেতনতামূলক কর্মসূচি তামিলনাড়ু, পুদুচেরি ও আসামেও চালানো হবে। সেখানে নির্বাচনের আগে একইভাবে তরুণ ভোটারদের উৎসাহিত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি, ভীমকে এই প্রচারের 'ম্যাসকট' হিসেবেও দেখা যাবে বিভিন্ন কর্মসূচিতে।
উল্লেখ্য, অসম, কেরালা ও পুদুচেরিতে ৯ এপ্রিল, তামিলনাড়ুতে ২৩ এপ্রিল ভোটগ্রহণ হবে। সব রাজ্যের ফল প্রকাশ হবে ৪ মে।
নির্বাচনের আগে এই ভিন্নধর্মী উদ্যোগ যে তরুণদের ভোটমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে, সে বিষয়ে আশাবাদী সংশ্লিষ্ট মহল।












Click it and Unblock the Notifications