উত্তরবঙ্গে গিয়ে মহিলা সংগঠনকে জোরদার করার ডাক চন্দ্রিমার, করলেন কর্মিসভা
রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য শিলিগুড়ির একটি দলীয় কর্মিসভায় কঠোর বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, “যারা ইতিহাস বিকৃত করছে, তাদের ক্ষমা নেই। যারা বাংলার মানুষকে অপমান করে, তাদের একটি ভোটও নয়।”
আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূলের মহিলা কর্মীদের শক্তিশালী করতে দার্জিলিং জেলা তৃণমূল মহিলা কংগ্রেস শিলিগুড়ি ও জলপাইগুড়িতে এই কর্মিসভাগুলোর আয়োজন করে। শিলিগুড়ির সভায় চন্দ্রিমা ভট্টাচার্য ছাড়াও পাপিয়া ঘোষ, জেলা তৃণমূল মহিলা সভানেত্রী সুস্মিতা সেনগুপ্ত, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, ১ নম্বর বরো চেয়ারম্যান গার্গী চট্টোপাধ্যায়, প্রীতিকণা বিশ্বাস এবং অভয়া বোস উপস্থিত ছিলেন।

এই সভায় পাপিয়া ঘোষ বিজেপি’র মিথ্যাচারের বিরুদ্ধে নারীদের দুর্গাস্বরূপ সোচ্চার হওয়ার আহ্বান জানান। চন্দ্রিমা ভট্টাচার্য বিজেপিকে তীব্র কটাক্ষ করে বলেন, “বাংলা বললেই যদি বাংলাদেশি হয়, তবে বিজেপি সংবিধানের অবমাননা করছে। এর উত্তর কেন্দ্রের কাছে আছে?”
তিনি প্রধানমন্ত্রীর বাংলা সফর নিয়েও কটাক্ষ করেন। তিনি বলেন, অন্য রাজ্যে বাংলাভাষীদের তাড়িয়ে দেওয়া হচ্ছে এবং কেন্দ্র বাংলার প্রতি আর্থিক বঞ্চনা করছে। অথচ প্রধানমন্ত্রী বাংলায় এসে বাংলা ভাষায় কথা বলছেন! এখানেই না থেমে তিনি প্রধানমন্ত্রীকে পরিযায়ী নেতা বলে কটাক্ষ করেন।
জলপাইগুড়ি জেলা পরিষদ হলে আয়োজিত কর্মিসভাতেও চন্দ্রিমা ভট্টাচার্য অংশ নেন। এই সভায় জেলা তৃণমূল চেয়ারম্যান খগেশ্বর রায়, জেলা মহিলা সভানেত্রী নুরজাহান বেগম, জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায়বর্মন সহ জেলার অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। চন্দ্রিমা ভট্টাচার্য সেই সভায় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করতে হলে মহিলা সংগঠনকে আরও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আগামী বিধানসভা নির্বাচনে মহিলারা একটি বড় শক্তি হয়ে উঠবেন বলেও আশাপ্রকাশ করেছেন চন্দ্রিমা।












Click it and Unblock the Notifications