আদৌ কি হাসপাতালে ভর্তির প্রয়োজন, নারদ কাণ্ডে ৩ হেভিওয়েটের স্বাস্থ্য যাচাইয়ে নতুন পরিকল্পনা সিবিআই-র
আদৌ কি হাসপাতালে ভর্তির প্রয়োজন আছে, নারদ কাণ্ডে ৩ হেভিওয়েটের স্বাস্থ্য যাচাইয়ে নতুন পরিকল্পনা সিবিআই-এর
সোমবার রাতে প্রেসিডেন্সি সংশোধনাগারে যেতে না যেতেই ভোর রাতে দুই হেভিওয়েট শোভন চট্টোপাধ্যায় (sovan chatterjee) এবং মদন মিত্র (madan mitra) ভর্তি এসএসকেএম-এর উডবার্ন ওয়ার্ডে। মঙ্গলবার সেই তালিকায় যুক্ত হয় সুব্রত মুখোপাধ্যায়ের (subrata mukherjee) নাম। যা নিয়ে নতুন পরিকল্পনা সিবিআই (cbi)-এর।

মেডিক্যাল বোর্ড তৈরির পরিকল্পনা সিবিআই-এর
বর্তমানে তিন হেভিওয়েট এসএসকেএমন-এর উডবার্ন ওয়ার্ডে ভর্তি। তাঁদের অসুস্থতা ঠিক কতটা। কোন কোন শারীরিক কারণে তাঁরা ভর্তি? হাসপাতালের রিপোর্ট আদৌ কি ঠিক? এই সব প্রশ্নের উত্তর খুঁজছে সিবিআই। যে কারণে নিজেদের মেডিক্যাল বোর্ড গঠন করতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এব্যাপারে এইমসের চিকিৎসকদের সাহায্য নেওয়া হতে পারে।

রাজ্যের পাঠানো রিপোর্ট দিল্লিতে
ইতিমধ্যে তিন তিন নেতার স্বাস্থ্যের রিপোর্ট দিল্লিতে পাঠানো হয়েছে। যা এসএসকেএম হাসপাতালের তরফে দেওয়া হয়েছে। অন্যদিকে জেলের তরফে ফিরহাদ হাকিমের মেডিক্যাল রিপোর্ট সিবিআই-এর কাছে আসার পর তাও পাঠানো হয়েছে দিল্লিতে।

সিদ্ধান্ত হবে বুধবারের শুনানির পরে
সিবিআই সূত্রে খবর, সব কিছু চূড়ান্ত হয়ে গেলেও, বুধবারের শুনানি শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করা হবে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে শুনানি শেষের পরে। প্রসঙ্গত উল্লেখ্য সারদা মামলার শুনানির সময়েও এই ধরনের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে।

সবারই কোভিড রিপোর্ট নেগেটিভ
সূত্রের খবর অনুযায়ী, ৪ হেভিওয়েট-এর করোনা পরীক্ষা করা হয়েছে। সবারই রিপোর্ট নেগেটিভ এসেছে। এছাড়াও তাঁদের অন্য পরীক্ষাও করা হয়েছে। ফিরহাদ হাকিমের কন্যা সাবা জানিয়েছেন, এদিন সকালে তাঁর বাবার জ্বর নেই, তবে পেটে ব্যথা রয়ে গিয়েছে। জেল কর্তৃপক্ষের তরফে তাঁকে এসএসকেএম-এ নিয়ে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। যদিও ফিরহাদ হাকিম জানিয়েছিলেন, তিনি আপাতত জেল হাসপাতালেই চিকিৎসা করাতে চান। অন্যদিকে এসএসকেএম-এ ভর্তি বাকি তিন নেতা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। মঙ্গলবার ভোররাতে শ্বাসকষ্টের অসুবিধা নিয়ে এসএসকেএম-এ ভর্তি হয়েছিলেন শোভন চট্টোপাধ্যায় এবং মদন মিত্র। পরে ভর্তি করা হয় সুব্রত মুখোপাধ্যায়কে। মঙ্গলবার বেলার দিকে হাসপাতালে মদন মিত্রকে খোশমেজাজেই থাকতে দেখা গিয়েছে। অন্যদিকে সুব্রত মুখোপাধ্যায়ও মঙ্গলবার দুপুরে বাড়ির ভাত খেয়েছেন। শোভন চট্টোপাধ্যায়ের কেবিনে ছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। পরে ছেলে ঋষিও তাঁর সঙ্গে দেখা করতে যান। একদিকে ফিরহাদ হাকিম অন্যদিকে মদন মিত্রের পরিবারেল তরফ থেকে সাধারণ মানুষের কাছে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications