মুখ্যমন্ত্রীর বাড়ি অবধি হবে মোমবাতি মিছিল, বিজেপির একাধিক কর্মসূচির ডাক দিলেন সুকান্ত
আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনা আরও একবার নাড়িয়ে দিয়েছে রাজ্য রাজনীতিকে। গতকাল মধ্য রাতে হাসপাতালে ভাঙচুর চালানো হয়েছে অবলীলায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করছে রাজ্য বিজেপি। এবার একাধিক কর্মসূচি নিয়ে রাজপথে বঙ্গ বিজেপি।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি পর্যন্ত মোমবাতি মিছিল হবে। হরিশ চ্যাটার্জি স্ট্রিট ও হরিশ মুখার্জী রোড এবার বিরোধীদের লক্ষ্য। এমনই মনে করছে ওয়াকিবহাল মহল। স্বাধীনতা দিবসের দিন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সাংবাদিক সম্মেলন করেন। সেখানেই একাধিক কর্মসূচির কথা ঘোষণা করেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায়ের আর মুখ্যমন্ত্রী থাকার দরকার নেই তার অপসারণ প্রয়োজন মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে এবার সরাসরি আন্দোলন করতে নামছেন বঙ্গ বিজেপি নেতৃত্ব। আগামী কাল শুক্রবার থেকে বিজেপি রাজ্যজুড়ে সকল নেতৃবৃন্দের উপস্থিতিতে বিভিন্ন বড় কার্যক্রম শুরু করবে।
বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা এবং উত্তরবঙ্গ উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কর্মসূচি ঘোষণা করেছেন।আগামী কাল দুপুর দুটো থেকে প্রতিটি জেলায় বিজেপি রাস্তা অবরোধ করবে। সকল সাধারণ মানুষকে আহ্বান জানানো হচ্ছে। দুপুর দুটো থেকে চারটে পর্যন্ত নিজেদের সব কাজ বন্ধ রেখে আরজি কর ঘটনার প্রতিবাদ জানাতে আহ্বান করা হয়েছে।
আগামী কাল মহিলা মোর্চার সর্বভারতীয় সভানেত্রী ভনতি শ্রীনিবাসন কলকাতায় আসবেন। তাঁর উপস্থিতিতে হাজরা মোড় থেকে মহিলা মোর্চার মিছিল শুরু হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি পর্যন্ত ওই মোমবাতি এবং মশাল মিছিল যাবে। এই বার্তা দিলেন সুকান্ত মজুমদার।
এছাড়াও আরজি কর হাসপাতালের বাইরেও ধর্না কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। আগামী কাল থেকেই এই কর্মসূচি হবে বলে খবর। আরজি কর ইস্যুতে বিজেপি ক্রমাগত চাপ বাড়াচ্ছে। এদিন সকালে বালুরঘাটে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুকান্ত মজুমদার। সেখানে বক্তব্য রাখতে গিয়েও আরজি কর প্রসঙ্গ সামনে রাখেন।
" রাজ্যে এই সরকার থাকলে, নারীরা সুরক্ষিত থাকবে না। আরজি করের ঘটনা বাঙালি হিসেবে লজ্জার বিষয়। যারা প্রশাসনের প্রধান আছেন তারা ব্যবস্থা নিক। অথবা নিজেদের ব্যবস্থা নিজেরা করে নিক। জনগণ চাইছে না, আপনারা গদি আঁকড়ে ধরে বসে থাকুন।" এই বক্তব্য রেখেছেন সুকান্ত মজুমদার।












Click it and Unblock the Notifications