সিএএ ভোটের আগে ললিপপ, বিজেপিকে কটাক্ষ করলেন মমতা
সিএএর বিরুদ্ধেই সরব থাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গে প্রশাসনিক সভা ছিল মুখ্যমন্ত্রীর। এরপর সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখান থেকেই সিএএ বিরোধিতা আরও একবার করলেন তিনি। সিএএ আসলে ভোটের আগে ললিপপ। কেন্দ্রের বিজেপি সরকারকে ঘুরিয়ে এমন ভাবেই কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী।
গতকাল উত্তর ২৪ পরগনার হাবরার সভা থেকে রীতিমতো আক্রমণাত্মক মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিএএ নিয়ে তীব্র বিরোধিতা ছিল তাঁর মুখে। নিজের প্রাণ দিয়ে সিএএ আটকাবেন তিনি। রাজ্যে কিছুতেই এই আইন চালু করতে তিনি দেবেন না। এই বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

আজ বুধবার উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী ছিলেন। সেখানে সরকারি সভায় বক্তব্য রাখেন। এদিন ততটা আক্রমণাত্মক বক্তব্য দেখা যায়নি তাঁর থেকে। তবে ঠান্ডা মাথায় তিনি বিরোধিতা করেছেন সিএএর। মুখ্যমন্ত্রী এদিনও দাবি করেছেন সিএএর সঙ্গে এনআরসির সম্পর্ক রয়েছে। দেশের নাগরিকের অধিকার কেড়ে নেওয়া হবে।
বিদেশেও নাগরিকত্বের আইন রয়েছে। দেশেও পুরনো আইন ছিল। বাইরে থেকে যারা এসে দীর্ঘ দিন ধরে রয়েছেন, তাদের নাগরিকের অধিকার দেওয়ায় কোনও সমস্যা নেই। জেলাশাসকদের কাছে বিষয়টি ছেড়ে দেওয়া হোক। আগের নিয়মে নাগরিকত্ব দেওয়া হোক। কিন্তু এই নতুন আইনে সমানাধিকার নেই। বৌদ্ধ, জৈন, পারসিক, খ্রিস্টান ধর্মের কথা বলা নেই। মুসলিম সমাজকে সম্পূর্ণ বাদ দিয়েছে। বর্ণবৈষম্যের নিয়ম মানা হবে না। এমন বক্তব্য মুখ্যমন্ত্রীর।
মানুষকে হ্যারাস করা লক্ষ্য নয়। সবাইকে নিয়ে বাঁচতে চাই। এটা মানবিক পরিবার। এমনই বক্তব্য রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অসমে ১৯ লক্ষের মধ্যে ১৩ লক্ষ হিন্দুর নাম বাদ গিয়েছিল। ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়। সেই কথাও মনে করিয়ে দেন মুখ্যমন্ত্রী।
বিজেপি হিন্দুদের নিয়ে কথা বলছে। কিন্তু এই হিন্দু রামকৃষ্ণ দেব, স্বামী বিবেকানন্দ, দুর্গাপুজোর হিন্দু নয়। বিজেপি নতুন হিন্দু ধর্ম আমদানি করেছে দেশে। কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। রাজ্যে কিছু মানুষের আধার কার্ড কাজ করা বন্ধ করেছিল। মুখ্যমন্ত্রী এই বিষয়টি নিয়ে চেপে ধরেন। তারপরেই আবার সব ঠিক হয়। এদিন মঞ্চ থেকে এই কথাও জানিয়েছেন তিনি।
পশ্চিমবঙ্গে সিএএ কোনওভাবেই চালু হতে দেবেন না তিনি। সকলকে সঙ্গে নিয়ে একসঙ্গে বাংলায় থাকা হবে। মুখ্যমন্ত্রী পাহারাদার হিসেবে থাকবেন। দেশের থেকে কোনও মানুষকে তাড়ানো যাবে না। জোর গলায় এই কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।












Click it and Unblock the Notifications