স্কুলের টপার, আর কয়েকটা নম্বর পেলেই নাম উঠত মাধ্যমিকের মেরিট লিস্টে, শুধু রেজাল্টটাই আর দেখে যাওয়া হল না থৈবির
WBBSE Madhyamik 2025 Result: মাধ্যমিক পরীক্ষায় স্কুলের টপার হওয়ার পরেও পরিবারের শোকের ছায়া। আসানসোল উমারানি গড়াই বালিকা বিদ্যালয়ের ছাত্রী থৈবি মুখোপাধ্যায়। ৬৭৪ নম্বর পেয়ে সে স্কুলে টপার হয়েছে। কিন্তু সব থেকে মর্মান্তিক ব্যাপার হল গত মাসের ১৬ তারিখে জন্ডিসে আক্রান্ত হয়ে সে মারা যায়। আর আজ শুক্রবার ভালো ফল করার খবর বাড়িতে পৌঁছানো মাত্র কান্নায় ভেঙে পড়লেন থৈবির বাবা-মা।
ছোট থেকে মেধাবী ছাত্রী হিসাবে পরিচিত থৈবীর ফলাফল (WBBSE Madhyamik 2025 ResulT) দেখে পুনরায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারের সঙ্গে সঙ্গে পাড়া-প্রতিবেশী এবং স্কুলেও। থৈবির বাবা বিবেকানন্দ মুখোপাধ্যায় পেশায় হোমিওপ্যাথি ডাক্তার। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পড়ে থৈবী। চিকিৎসার জন্য পরিবারের লোক দক্ষিণ ভারতে নিয়ে যায়। সেখানেই তার মৃত্যু হয়।

স্কুল থেকে শুরু করে পাড়া-প্রতিবেশী প্রত্যেকেই আশা করেছিল, পশ্চিমবঙ্গে মাধ্যমিক পরীক্ষায় এক থেকে দশের মধ্যে জায়গা করে নেবে থৈবি। কিন্তু অসুস্থ অবস্থায় পরীক্ষা দেওয়াই এক থেকে দশের মধ্যে জায়গা না করতে পারলেও স্কুলে সর্বোচ্চ নম্বর পেয়েছে।
আর সেই খবর বাড়িতে পৌঁছানো মাত্র কান্নায় ভেঙে পড়ে পরিবার। মেয়ের ছবি হাতে কাঁদতে দেখা যায় মা'কে। এমনকী বাবারও বয়স হয়েছে। শরীর ভালো নেই। মেয়ের 'টপার' খবরে তিনি খুশি হলেও যার সবথেকে বেশি হওয়ার কথা ছিল সে আর নেই। সেটাই কুড়ে খাচ্ছে বাবাকে।
WBBSE Madhyamik 2025 Result: মাধ্যমিকের ফল প্রকাশ হয় আজ
আজ শুক্রবার প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার ফল। এই বছর অর্থাৎ ২০২৫ সালে ৯,৮৪,৭৫৩ জন নাম নথিভুক্ত করে। এর মধ্যে ছাত্রের সংখ্যা ৪,২৮,৮০৩ জন এবং ছাত্রীর সংখ্যা ৫,৫৫,৯৫০ জন। এই বছর গতবারের তুলনায় পরীক্ষার্থীদের সংখ্যা ৬৫ হাজারের বেশি ছিল। বলে রাখা প্রয়োজন, মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার ৭০ দিনের মাথায় আজ ফলপ্রকাশ হল। প্রকাশ করা হল মেধা তালিকা।
যেখানে সব মিলিয়ে ৬০ জনেরও বেশি নাম আছে। কৃতিদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটা খুশির পরিস্থিতি। সেখানে আসানসোলের এই বাড়িতে আনন্দের মধ্যেই শোকের ছায়া নেমে এসেছে। যেখানে কোথায় আজ আলো থাকার কথা, মেয়েকে হারিয়ে শোকস্তব্ধ গোটা পরিবার। তবে এদিন মেয়ে হারানো পরিবারের পাশে দাঁড়াতে পাড়ার লোক, আত্মীয় সবাই ছিলেন বাড়িতে।












Click it and Unblock the Notifications