বুলা চৌধুরীর বাড়িতে ফের দুঃসাহসিক চুরি, 'পদ্মশ্রী'ও কি খোয়া গিয়েছে?
ইংলিশ চ্যানেলজয়ী সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে ফের চুরি। কয়েক বছর আগেও হিন্দমোটরের দেবাইপুকুরের বাড়িতে চুরি হয়েছিল। পুলিশ কিনারা করতে পারেনি। সেই সময়েই দাবি উঠেছিল, 'পদ্মশ্রী' বুলার বাড়ির নিরাপত্তা বাড়ানোর। তার মধ্যেই ফের চুরি। চিন্তায় এলাকাবাসীরা।
হিন্দমোটর দেবাইপুকুরের বাড়িতে বুলারা এখন থাকেন না। মাঝেমধ্যে আসেন। বামফ্রন্টের প্রাক্তন বিধায়ক বুলা থাকেন কসবার ফ্ল্যাটে। বুলার ভাই মিলন আজ বাড়ি পরিষ্কার করতে গিয়ে দেখেন পিছনের দিকের দরজার তালা ভাঙা। পুজোর আগে বাড়ি পরিষ্কার করাতেই তিনি গিয়েছিলেন। দেখেন দরজা ভেঙে চুরি হয়েছে। প্রচুর পুরস্কার, মেডেল, স্মারক উধাও। ঘর লণ্ডভণ্ড।

ঘটনার খবর পেয়ে বুলা হিন্দমোটরের বাড়িতে যান। সংবাদমাধ্যমের কাছে তিনি বলেন, পদ্মশ্রীর স্মারক কসবার ফ্ল্যাটে রাখি। ফলে সেটি অক্ষত রয়েছে। বারবার চুরির ঘটনায় বিচলিত বুলা। তাঁর কথায় মেডেল, স্মারক চুরি করে লাভ কী? এর তো দাম পাবে না চোর। যদিও তা আমার সারা জীবনের স্বীকৃতি। জানা গিয়েছে, বিভিন্ন পদক, স্মারক, পুরস্কারের পাশাপাশি চুরি গিয়েছে বাথরুমের কল, ঠাকুরঘরের আসবাবপত্র। উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের হয়েছে। শুরু হয়েছে তদন্ত।












Click it and Unblock the Notifications