Sukanta Majumdar: “মমতা একা নন, উল্টো হাঁটছে বাংলার অর্থনীতিও,” পরিযায়ী শ্রমিকদের দুর্দশা তুলে খোঁচা সুকান্তর
Sukanta Majumdar: একগুচ্ছ কর্মসূচি নিয়ে ৬ দিনের সফরে লন্ডনে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সেখানে মর্নিং ওয়াকে বেরিয়ে এক সময় 'ব্যাক ওয়াক' অর্থাৎ পেছন দিকে হাঁটতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে। সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল সেই ভিডিও। আর এনিয়েই এবার মুখ্যমন্ত্রীকে আক্রমণ শানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পরিযায়ী শ্রমিকদের দুর্দশা তুলে ধরে মুখ্যমন্ত্রীকে আক্রমণ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর।
সুকান্ত এদিন এক্স পোস্টে লেখেন, "লন্ডনের রাজপথে 'ব্যাক-ওয়াক' করছেন পশ্চিমবঙ্গের শিল্পদ্যোগী মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়! 'ব্যাক-ওয়াক', বাংলা ভাষায় তর্জমা করলে যাকে বলে 'উল্টো হাঁটা'। অবাক করা বিষয়, লন্ডনে মমতা বন্দ্যোপাধ্যায়ই শুধু উল্টো হাঁটছেন না, জনগণ বলছেন ২০১১ সালের পর থেকে তাঁর মতোই উল্টো দিকে হাঁটছে বাংলার অর্থনীতি, কর্মসংস্থান। অথচ মুখ্যমন্ত্রী এবারেও দাবি করছেন যে তাঁর এই বিদেশ সফরের পরেই নাকি সুদূর বিদেশ থেকে বিনিয়োগ আসবে, পশ্চিমবঙ্গ বিদেশি বিনিয়োগের 'মরুদ্যান' হবে!"

মমতার উল্টো হাঁটার ভিডিওর সঙ্গেই আরেকটি ভিডিও পোস্ট করেছেন সুকান্ত। মহারাষ্ট্রে কর্মরত বাংলার পরিযায়ী শ্রমিকদের সঙ্গে এক ব্যক্তির কথোপকথন শোনা যাচ্ছে ওই ভিডিওতে। পরিযায়ী শ্রমিকদের বলতে শোনা যায়, "মুর্শিদাবাদ থেকে এসেছি। ৮ থেকে ১০ বছর ধরে এখানেই আছি। মাঝে মাঝে বাড়ি যাই। বাংলায় কোথায় পয়সা দেয়? দিদি পয়সা দেয় আমাদের? এখানে পয়সা বেশি পাই।" মহারাষ্ট্রে বাংলার পরিযায়ী শ্রমিকদের এমনই কথোপকথন তুলে ধরে মুখ্যমন্ত্রীকে আক্রমণ শানিয়েছেন সুকান্ত।
তিনি আরও লেখেন, "মুখ্যমন্ত্রী যখন পশ্চিমবঙ্গের করদাতাদের অর্থে লন্ডনে শিল্পের সন্ধানে সফর করতে ব্যস্ত, তখন এই বাংলার অসহায় শ্রমিকরা ব্যস্ত কোনওমতে জীবন-জীবিকা নির্বাহ করতে! বাংলায় কাজ নেই, তাই শিল্পের আগামী মরুদ্যান পশ্চিমবঙ্গকে ত্যাগ করে এ রাজ্যের হতদরিদ্র মানুষের উপার্জনের আশ্রয় এখন মহারাষ্ট্রে। পেটের তাগিদে পরিযায়ী শ্রমিকের পরিচয়ে বাঁচছেন দিদির রাজ্যের মানুষ!"
মুখ্যমন্ত্রীর লন্ডনে গিয়ে উল্টো হাঁটা নিয়ে কটাক্ষ, ব্যঙ্গ করেছে বিরোধী শিবির। সোশ্যাল মিডিয়াতেও কেউ কেউ মজা করে লিখেছেন, "পিছিয়ে বাংলা।" এদিকে, মুখ্যমন্ত্রীর লন্ডন সফরের মাঝেই হাওড়ার বেলগাছিয়ায় ভাগাড়ে ঘটে গিয়েছে মহা বিপর্যয়। দুর্গতরা দাবি করছেন, মুখ্যমন্ত্রী একবার এসে সরেজমিনে পরিস্থিতি দেখুন। এদিন সংসদে বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য বলেন, "লন্ডনের রাস্তায় যেভাবে হাঁটালেন, সেভাবে যদি বেলগাছিয়ার রাস্তায় হাঁটতেন!"












Click it and Unblock the Notifications