ভোট পরবর্তী হিংসার খোঁজ খবর নিয়ে আজ রাজ্যে বিজেপির কেন্দ্রীয় দল, নেতৃত্বে বিপ্লব দেব
ভোটের ফলাফল প্রকাশের পর থেকেই রাজ্যে শুরু হয়ে গিয়েছে ভোট পরবর্তী হিংসা। জেলায় জেলায় আক্রান্ত হতে শুরু করেছেন বিজেপি নেতা কর্মীরা। ঘরে ফিরতে পারছেন না অনেকেই। ভোটপরবর্তী হিংসায় আতঙ্কে বাড়ি থেকে পালিয়ে বেড়াচ্ছেন অসংখ্য বিজেপি কর্মী।
রবিবার সেইকর্মীদের খোঁজ খবর নিয়ে রাজ্যে আসছে বিজেপির বিশেষ টিম। দিল্লি থেকে বিজেপি নেতা এবং ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের নেতৃত্বে বিশেষ টিম আজ আসছেন কলকাতায়। সেই টিমে বিপ্লব দেব ছাড়াও রয়েছেন সাংসদ রবিশঙ্কর প্রসাদ এবং সাংসদ কবিতা পতিদার। জেপি নাড্ডার নির্দেশে তাঁরা রাজ্যে আসছেন। এবং আক্রান্ত ও ঘরছাড়াদের সঙ্গে কথা বলে তাঁরা রিপোর্ট দেবেন।

বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নির্দেশেই তারা রাজ্যে আসছেন বলে জানা গিয়েছে। কলকাতায় আসার পর আগে তারা মাহেশ্বরী ভবনে যাবেন। সেখানে ঘরছাড়াদের সঙ্গে কথা বলবেন তাঁরা। তারপরে তাঁরা রাজ্যপালের সঙ্গে দেখা করতে পারেন বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য কয়েক দিন আগে রাজভবনে ভোট পরবর্তী হিংসায় ঘরছাড়াদের নিয়ে রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। কিন্তু পুলিশ ব্যারিকেড গড়ে তাঁকে সেখানে প্রবেশ করতে দেয়নি। প্রায় ১ ঘণ্টা রাজভবনের বাইরে অপেক্ষা করে ফিরে যেতে হয়েছিল তাঁকে। তারপরে আদালতের দ্বারস্থ হন তিনি। আদালতের নির্দেশে রবিবার ফের রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করতে যাবেন তিনি ঘরছাড়দের নিয়ে।
এদিকে দিল্লিতে বঙ্গ বিজেপি নেতাদের কাছ থেকে অভিযোগ শোনার পরে জেপি নাড্ডা প্রতিনিধিদল বাংলায় পাঠানোর নির্দেশ দেন। বঙ্গ বিজেপির নেতাদের আক্রান্ত বিজেপি নেতা কর্মীদের পাশে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সুকান্ত মজুমদার জানিয়েছেন দল আক্রান্ত কর্মীদের পাশে থাকবে। এবং সর্বোতো ভাবে তাঁদের সাহায্য করবে। বিেজপির কোর কমিটির বৈঠকেও ভোটপরবর্তী হিংসা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।
তবে সেই বৈঠকে উপস্থিত ছিলেন না রাজ্য বিজেপির নেতা শুভেন্দু অধিকারী। তিনি কোচবিহারে ছিলেন। তবে বিজেপির কোর কমিটির বৈঠকে দেখা গিয়েছিল দিলীপ ঘোষকে। দিলীপ ঘোষ ভোটে হারার পর অভিযোগ করেছিলেন তাঁকে ৪ বছর ধরে বঙ্গ বিজেপির নেতারা কোনও বৈঠকে ডাকেনি। কোনও বিষয়ে তাঁর মতামতও নেওয়া হয়েছে। এবং পরিকল্পনা করেই তাঁকে মেদিনীপুর কেন্দ্র থেকে সরিয়ে বর্ধমান-দুর্গাপুরে নিয়ে আসা হয়েছিল। এমনকী মেদিনীপুরে কুড়মিদের তাঁর বিরুদ্ধে খেপানো হয়েছিল বলেও অভিযোগ করেছিলেন দিলীপ ঘোষ।












Click it and Unblock the Notifications