বৃষ্টিতে রাস্তায় বসে বিক্ষোভ বিজেপি বিধায়কদের, তৃণমূল নাটক করছে, কটাক্ষ অগ্নিমিত্রার
দিল্লিতে চলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি। এদিকে পিছিয়ে নেই বাংলার বিজেপি বিধায়করাও। রাস্তায় বসে রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে আন্দোলন অগ্নিমিত্রা পলদের। চাকরিপ্রার্থীদের চাকরির দাবি সহ দুর্নীতি ইস্যুতে আওয়াজ তুললেন বাংলার বিজেপি বিধায়করা। নজর ঘোরাতে তৃণমূল দিল্লিতে কর্মসূচি নিয়েছে। এই অভিযোগ তোলা হয়েছে গেরুয়া শিবির থেকে।
কলকাতা সহ রাজ্যের দক্ষিণবঙ্গে বৃষ্টি চলছে। বৃষ্টিভেজা রাজপথেই মঙ্গলবার বসে পড়লেন বিজেপির বিধায়করা। রাজ্য সরকার দুর্নীতি করছে। যোগ্য চাকরিপ্রার্থীরা তাদের ন্যায্য কাজ থেকে বঞ্চিত। সরকারি কর্মীরা বকেয়া ডিএ পাচ্ছেন না। এই অভিযোগ তুলে প্রথমে বিধানসভার বাইরে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা৷ এরপর তারা রাস্তায় বসে পড়েন।

সোমবার বিধানসভার বাইরে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখিয়েছিলেন। শুভেন্দু মঙ্গলবার দিল্লিতে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। এদিকে বাংলার বিধায়করা এদিনও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব। বিধায়ক অগ্নিমিত্রা পল, শঙ্কর ঘোষ, মনোজ টিগ্গা, চন্দনা বাউরি সহ অন্যান্যরা বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন। বিধানসভার বাইরে রাস্তায় বসে পড়েন। রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন তাঁরা।
অবিলম্বে যোগ্য প্রার্থীদের চাকরি দিতে হবে। ডিএ থেকে বঞ্চিত রাজ্য সরকারি কর্মীরা৷ তাদের ন্যায্য পাওনা রাজ্য সরকারকে দিতে হবে। এই দাবি তোলা হয়। বিধায়ক অগ্নিমিত্রা পল বলেন, তৃণমূল বাংলার পরিস্থিতি থেকে নজর ঘোরানোর চেষ্টা করছে। রাজ্যে একের পর এক দুর্নীতি হচ্ছে। মেধা বিক্রি হয়ে গিয়েছে। স্কুল শিক্ষকদের চাকরি বিক্রি হয়ে গিয়েছে। রাজ্যের পুলিশ গ্রেফতার করতে পারে। কিন্তু বিজেপির বিক্ষোভ চলবে।
বিধায়ক শঙ্কর ঘোষের কটাক্ষ, তৃণমূলের বড় চোররা বিমানে করে দিল্লি গিয়েছেন ধরনা দিতে। তাদের উচিত, রাজ্যে যারা রাস্তায় ধরনা দিচ্ছেন, তাদের সমস্যার সমাধান করা। এই নাটক বন্ধ হোক৷ যারা ৯০০ দিনের উপর ধরনা দিচ্ছেন, তাদের জন্যই বিজেপি বিধায়করা রাস্তায় বসেছেন। সরকারি কর্মীরা সহ যারা ন্যায্য দাবিতে ধরনা দিচ্ছেন, তাদের দাবিকে মানতে হবে।
চাকরির দাবিতে রাজ্যে আন্দোলনকারীরা রাস্তায় বসছেন। পুলিশ তাদের মেরে তুলে দিচ্ছেন। সেই আন্দোলনকারীদের পাশে থাকার জন্যই বিজেপি রাস্তায় বসেছে। এমনই দাবি বিজেপি বিধায়কদের।












Click it and Unblock the Notifications