তৃণমূল নেতাকে পিস্তল দেখিয়ে দলবদলে বাধ্য করেছে বিজেপি! উত্তাল রাজ্য-রাজনীতি
তৃণমূলের প্রধানকে পিস্তল দেখিয়ে অপহরণ! বিজেপিতে যোগদানকে কেন্দ্র করে উত্তাল রাজ্য-রাজনীতি
মাত্র ন-মাস আগে তৃণমূলে যোগ দিয়েছিলেন। তারপর ফের তৃণমূল ছেড়ে বিজেপিতে ফেরেন মালদহের ভাবুক গ্রাম পঞ্চায়েতের প্রধান লক্ষ্মীরাম হাঁসদা। এই দলবদলের পরই সাংঘাতিক অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। খোদ নেতার স্ত্রী অভিযোগ করেছেন, ওই গ্রাম পঞ্চায়েত প্রধানকে পিস্তল দেখিয়ে তুলে নিয়ে গিয়ে যোগদান করানো হয়েছে।

পিস্তল দেখিয়ে দলবদলে বাধ্য করা হয় প্রধানকে!
গ্রাম পঞ্চায়েত প্রধান লক্ষ্মীরাম হাঁসদার স্ত্রী-র অভিযোগ, জনা তিনেক লোক পিস্তল দেখিয়ে তাঁর স্বামীকে তুলে নিয়ে যায়। জোর করে প্রাণের ভয় দেখিয়ে তাঁকে বিজেপিতে যোগদান করানো হয়েছে। এই মর্মে তিনি থানায় একটি অভিযোগও দায়ের করেছেন। লক্ষ্মীরাম হাঁসদার স্ত্রী সাওরি সোরেনের অভিযোগের পর বিজেপি প্রবল চাপে পড়েছে এলাকায়।

তৃণমূল ও বিজেপির চাপানউতোর দলবদল নিয়ে
তৃণমূল এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে পাল্টা সরব হয়েছেন। তৃণমূলের দাবি, বিজেপির মুখোশ খুলে গিয়েছে। বিজেপি সন্ত্রাসের রাজনীতি করছে এখানে। ভাবুক পঞ্চায়েতের প্রধানের স্ত্রী সাহসের পরিচয় দিয়ে সমস্ত ফাঁস করে দিয়েছেন। যদিও বিজেপি মনে করছে, এর মধ্যে তৃণমূলের কোনও চাল রয়েছে।

হাতবদলে পঞ্চায়েত হয়েছে বিজেপির
সম্প্রতি তৃণমূল ছেড়ে বিজেপিতে ফেরেন ভাবুক পঞ্চায়েতের প্রধান লক্ষ্মীরাম হাঁসদা-সহ তিনজন। এই দলবদলের ফলে ন-মাসের মধ্যেই ভাবুক পঞ্চায়েতে বিজেপির সদস্য সংখ্যা বেড়ে হয় আট। তৃণমূল কমে দাঁড়ায় পাঁচ। পঞ্চায়েতের দখল ফের বিজেপির হাতে চলে আসে। তৃণমূলকে হটিয়ে পঞ্চায়েত দখল ২০২১-এর আগে শক্তি বাড়ায় বিজেপি।

তৃণমূলকে জবাব দিয়েছিল বিজেপি
বিজেপির কথায়, জোর করে পঞ্চায়েত দখল করেছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু জোর করে পঞ্চায়েত দখল করেছিল তৃণমূল। তৃণমূলকে এদিন তাঁদের ভাষাতেই জবাব দেওয়া হয়েছে। পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানকে জোর করে দলে নিয়ে পঞ্চায়েত দখল করেছিল তৃণমূল। এখন তাঁরা ভুল বুঝতে পেরে ফিরে এসেছে বিজেপিতে।

পঞ্চায়েত নির্বাচনে বিজেপির বোর্ড
২০১৮-র পঞ্চায়েত নির্বাচনে জিতে মালদহের ভাবুক গ্রাম পঞ্চায়েত দখল করেছিল বিজেপি। ১৩ আসনের পঞ্চায়েতে ৯টি দখল করেছিল গেরুয়া শিবির। বাকি চারটি আসন লাভ করে তৃণমূল কংগ্রেস। স্বভাবতই বিজেপি বোর্ড গঠন করে পঞ্চায়েতে। কিন্তু ৯ মাস আগে আচমকাই বদলে যায় চিত্রটা। বিজেপির হাতছাড়া হয় পঞ্চায়েত।

৯ মাস আগে পঞ্চায়েত দখল করে তৃণমূল
২০১৯-এর নভেম্বর ভাবুক পঞ্চায়েতের প্রধান লক্ষ্মীরাম হাঁসদা-সহ চার বিজেপি সদস্য যোগ দেন তৃণমূল কংগ্রেস। ফলে তৃণমূলের সদস্য সংখ্যা বেড়ে হয় আট। বিজেপির কমে দাঁড়ায় পাঁচ। ক্ষমতা বদল হয় পঞ্চায়েতের। বিজেপির হাত থেকে তৃণমূলের হাতে আসে পঞ্চায়েত। তাও স্থায়ী হল না, ফের উলটপুরান ঘটিয়ে পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি।












Click it and Unblock the Notifications