বিহারে পুলিশ পেটানোকে বাংলার বলে দাবি! তৃণমূল খেলা ধরতেই ফেক নিউজ ডিলিট বঙ্গ বিজেপির
পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট আজ শোরগোল ফেলে দিয়েছিল। যদিও পরে দেখা গেল সেটি ফেক নিউজ ছাড়়া আর কিছুই নয়। তৃণমূল কংগ্রেসের মন্ত্রী, সাংসদরা ফেক নিউজ ধরে ফেলতেই ওই পোস্ট ডিলিট করল বিজেপি। যা নিশ্চিতভাবেই রাজ্যে প্রধান বিরোধী দলের মুখোশ উন্মোচনে বড় হাতিয়ার হয়ে থাকল। ওই পোস্ট ডিলিট করা হয়েছে সংবাদমাধ্যমের জন্য নির্ধারিত গ্রুপ থেকেও।

ওই পোস্টে দাবি করা হয়েছিল, জয়ন্ত দাস নামে এক ব্যক্তি রাজ্য পুলিশের কর্মীদের মারধর করছেন! রাজ্যে বিশৃঙ্খল পরিস্থিতি তুলে ধরাই যে উদ্দেশ্য ছিল তা বলার অপেক্ষা রাখে না। যদিও তৃণমূল চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ওই ভিডিওটি বাংলার নয়, বিহারের। তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র দাবি করেন, ওই ভিডিওটি বিহারের মোতিহারির। পুলিশের গাড়িতে বিহার পুলিশ লেখা ছিল, পশ্চিমবঙ্গ পুলিশ নয়। যা নিয়ে বঙ্গ বিজেপিকে কটাক্ষ করে মহুয়া লেখেন, এভাবে ফেক নিউজ ছড়িয়ে বাংলাকে বদনামের চেষ্টা বন্ধ হোক।
মন্ত্রী ডা. শশী পাঁজা বলেন, বিজেপি পশ্চিমবঙ্গে ফের তাদের পুরানো খেলায় নেমে পড়েছে। মিথ্যা কথা, কুৎসা ছড়িয়ে তৃণমূল কংগ্রেসকে, তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারকে বদনাম করার চেষ্টা হচ্ছে। তৃণমূল নেতা জয়ন্ত দাস পুলিশকে বেধড়ক মারছে বলে বিজেপি দাবি করল। কিন্তু বাস্তব হলো, এই ঘটনাটি বাংলার নয়, বিহারের, যেখানে ডাবল ইঞ্জিন সরকার রয়েছে। বিহারের মোতিহারির, যেখানে কিছু লোকজনকে দেখা যাচ্ছে পুলিশকে মারতে। সেখানে এমন বিশৃঙ্খল পরিস্থিতি। ফলে বিহার থেকে ভিডিও এনে বাংলার বদনাম করার খেলা আমরা ধরে ফেলেছি। ২০২৬ সালে নির্বাচন আসছে বলে এই চেষ্টা। বাংলাকে বদনাম করার।
তৃণমূল কংগ্রেসের টুইটেও তুলোধনা করা হয়েছে বিজেপিকে। লেখা হয়েছে, বিজেপির রাজনীতির একটাই ভিত, তা হলো হলো মিথ্যা। তাদের একমাত্র লক্ষ্য, কী করে বাংলার বদনাম করা যায়। তা করতে গিয়েই বাংলার সুখ্যাতিতে কাদা লেপে দেওয়া, বাংলার মানুষকে অপমান করার কাজ চালিয়ে যাচ্ছে বিজেপি। এভাবে ভুয়ো খবর ছড়ানোটাই বিজেপির আসল চরিত্র। এই দলটাই হলো প্রতারকদের। এদের লোকজন অপবাদ, প্রোপাগান্ডা ছড়ায়। এই দল প্রশাসন চালাতে পারে না, মানুষকে রক্ষা করতে পারে না, মনে রাখার মতো ভালো কাজ করতে পারে না। শুধু বিষ আর মিথ্যাচার ছড়িয়েই সাফল্য পেতে চায় তারা।












Click it and Unblock the Notifications