ঘর ভাঙছে তৃণমূলের, পঞ্চায়েত ভোটের আগে এবার মুর্শিদাবাদেও জোর ধাক্কা দিল বিজেপি
পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে, ততই শাসক দলের ঘর ভাঙছে। অনুব্রত মণ্ডলের বীরভূমের পর মুর্শিদাবাদেও ঘাসফুলে ভাঙন ধরিয়ে দিল পদ্মশিবির।
পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে, ততই শাসক দলের ঘর ভাঙছে। অনুব্রত মণ্ডলের বীরভূমের পর মুর্শিদাবাদেও ঘাসফুলে ভাঙন ধরিয়ে দিল পদ্মশিবির। তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখালেন শাসক দলের ৭০ জন কর্মী। বিজেপি সভাপতি গৌরীশঙ্কর ঘোষ তাঁদের হাতে পতাকা তুলে দেন।

মঙ্গলবার হাইকোর্টে যখন ভোটের ভবিষ্যৎ নিয়ে মামলা চলছে, তখনই মুর্শিদাবাদের বহরমপুরের কাশিমবাজারে এক কর্মিসভায় বিজেপিতে যোগ দেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। এই দলবদলের ফলে কংগ্রেসি গড়ে শক্তি বৃদ্ধি করল বিজেপি। যদিও এতে কার্যত লাভ হল অধীর চৌধুরীর। মুর্শিদাবাদে এখনও কংগ্রেসের শক্তি প্রশ্নাতীত। তারপর তৃণমূলে ভাঙন মানে কংগ্রেসই লাভবান হবে।
তবে বিজেপি যে জেলায় জেলায় শক্তি বাড়াচ্ছে, তা নিশ্চিত। পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে প্রতিদিনই কোথাও না কোথাও তৃণমূলে ভাঙন ধরছে। হাওড়ার বাগনানে তৃণমূলে বিপুল ভাঙন ধরেছে। কৈলাশ বিজয়বর্গীয় হাত ধরে ১৭০০ কর্মী যোগদান করেছে বিজেপিতে। তারপর বাঁকুড়াতেও প্রায় ২০০ কর্মী বিজেপিতে যোগ দেন। বীরভূমেও ভাঙন ধরে শাসক শিবিরে। ভিতরে ভিতরে নিচুতলায় ফাটল দীর্ঘায়িত হচ্ছে বলে দাবি বিজেপির।
তবে দিন সাতেক আগে বীরভূমে বিজেপির ছয় প্রার্থী তৃণমূলের হয়ে প্রচারে নামেন। তাঁরা যোগদানও করেন শাসক দলে। তারপর এদিন উদয়নারায়ণপুরেও সাতজন বিজেপি প্রার্থী তৃণমূলে নাম লেখান। দুই ক্ষেত্রেই শাসক শিবির জোর করে ভয় দেখিয়ে প্রার্থীদের যোগদান করিয়েছে বলে অভিযোগ বিজেপির।












Click it and Unblock the Notifications