ভোট ঘোষণার আগেই রাজ্য পুলিশে বড় রদবদল! একাধিক ইন্সপেক্টর ও ১২ থানার আইসি বদল নবান্নের
রাজ্যে বিধানসভা নির্বাচনের সূচি ঘোষণার হওয়ার কিছুক্ষন আগেই পুলিশ প্রশাসনে বড়সড় বদল আনল নবান্ন। আজ বিকেল ৪টের সময় নির্বাচন কমিশনের রাজ্যের ভোটের দিনক্ষণ ঘোষণা করার কথা রয়েছে। আর তার ঠিক কিছুক্ষন আগেই একাধিক জেলায় পুলিশ আধিকারিকদের বদলির নির্দেশ জারি করা হয়েছে।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে যে, মোট ২৭ জন ইন্সপেক্টর এবং ১২টি থানার আইসি-কে নতুন জায়গায় পোস্টিং দেওয়া হয়েছে। বদলির তালিকায় রয়েছে দুই ২৪ পরগনা, জলপাইগুড়ি, বিধাননগর, দুই মেদিনীপুর, হুগলি, দক্ষিণ দিনাজপুর-সহ আরও একাধিক জেলা। সেইসঙ্গে বারাকপুর পুলিশ কমিশনারাট, বিধাননগর পুলিশ কমিশনারেট এবং চন্দননগর পুলিশ কমিশনারেটের বেশ কয়েকটি থানার আইসকেও বেশ কয়েকটি থানাতে বদল করা হয়েছে। ডায়মন্ড হারবার পুলিশ জেলাতেও একাধিক ইন্সপেক্টরকে সরানো হয়েছে।
রাজ্য পুলিশের জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে যে, যাঁদের বদলি করা হয়েছে তাঁদের তাড়াতাড়িই নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। এই রদবদল ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে প্রতিক্রিয়া। বিজেপি পার্টির নেতা সজল ঘোষ দাবি করেছেন যে, এই বদলি নির্বাচন কমিশনের সম্ভাব্য পদক্ষেপের আগে থেকেই করা হয়েছে।
উল্লেখ্য, রাজ্য পুলিশে এক দফা বদলি কয়েক সপ্তাহ আগেও করা হয়েছিল। সেই সময় বসিরহাট, আলিপুরদুয়ার ও জঙ্গিপুরের পুলিশ সুপার-সহ একাধিক শীর্ষ আধিকারিককে আলাদা আলাদা জায়গায় পাঠানো হয়। জানা গিয়েছে যে, ভোটের সূচি ঘোষণার পরেই রাজ্যে আদর্শ আচরণবিধি কার্যকর হবে।












Click it and Unblock the Notifications