বকেয়া ডিএ নিয়ে বড় ঘোষণা রাজ্যের, কবে, কীভাবে মিলবে পাওনা, জানাল অর্থ দপ্তর
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) ইস্যুতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। ভোটের আবহে যখন সরকারি কর্মচারীদের মধ্যে অনিশ্চয়তা বাড়ছিল, ঠিক সেই সময়ই স্পষ্ট রূপরেখা সামনে আনল রাজ্যের অর্থ দপ্তর।
সোমবার জারি হওয়া সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০১৬ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত চার বছরের বকেয়া ডিএ প্রথম ধাপে মেটানো হবে। এই বকেয়ার হিসাব নির্ধারণ করা হবে সর্বভারতীয় উপভোক্তা মূল্য সূচক (এআইসিপিআই) এর ভিত্তিতে যাতে পরিমাণ সঠিক থাকে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই বকেয়া একসঙ্গে নয়, বরং দুই কিস্তিতে দেওয়া হবে। প্রথম কিস্তি মিলবে ২০২৬ সালের মার্চে ও দ্বিতীয় কিস্তি সেপ্টেম্বর মাসে। ফলে কর্মচারীরা ধাপে ধাপে তাদের প্রাপ্য অর্থ পাবেন।
এর আগে, বিধানসভা নির্বাচনের ঘোষণার ঠিক আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক মাধ্যমে এই সংক্রান্ত ঘোষণা করেছিলেন। পরে অর্থ দপ্তরের তরফে একাধিক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, ২০০৮ সালের এপ্রিল থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত বকেয়া ডিএ পরিশোধের প্রক্রিয়া শুরু হচ্ছে।
সরকারি সূত্রে খবর, এই সিদ্ধান্তের পেছনে রয়েছে সুপ্রিম কোর্টের ২০২৬ সালের ৫ ফেব্রুয়ারির একটি গুরুত্বপূর্ণ রায় ও আদালত নিযুক্ত পর্যবেক্ষণ কমিটির নির্দেশিকা। যদিও রাজ্যের আর্থিক পরিস্থিতি এখনও চাপে কেন্দ্রীয় প্রকল্পের বকেয়া ও বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক খাতে ব্যয়ের চাপ রয়েছে তবুও কর্মচারীদের স্বার্থকে অগ্রাধিকার দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সরকার।
অন্যদিকে, অর্থপ্রদানের ক্ষেত্রেও রয়েছে বিশেষ বিধান। গ্রুপ এ, বি ও সি শ্রেণীর কর্মীদের বকেয়া ডিএ সরাসরি তাদের জেনারেল প্রভিডেন্ট ফান্ড (জিপিএফ) অ্যাকাউন্টে জমা করা হবে। তবে এই অর্থ জমার পর ২৪ মাস পর্যন্ত তা তোলা যাবে না, না অগ্রিম হিসেবে, না চূড়ান্ত হিসেবে।
বহুদিনের দাবির প্রেক্ষিতে সরকারের এই ঘোষণায় স্বস্তি মিললেও, সম্পূর্ণ বকেয়া হাতে পেতে এখনও কিছুটা অপেক্ষা করতেই হবে রাজ্যের সরকারি কর্মচারীদের।












Click it and Unblock the Notifications