আগামিকাল বিধাননগরে পুনর্নির্বাচন নয়, গণনা নিয়েও অনিশ্চয়তা
কলকাতা, ৭ অক্টোবর : আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার বিধাননগর পুরভোটের যে ক'টি বুথে পুনর্নির্বাচনের কথা বলা হয়েছিল তার কোনও সম্ভাবনা নেই বলে জানাল রাজ্য নির্বাচন কমিশন। [পদত্যাগ করলেন সুশান্তরঞ্জন, নয়া রাজ্য নির্বাচন কমিশনার বর্তমান পরিবহন সচিব!]
এদিন সদ্য নির্বাচিত অস্থায়ী রাজ্য নির্বাচন কমিশনার আলাপন বন্দ্যোপাধ্য়ায় জানান, বৃহস্পতিবার কোনও পুনর্নির্বাচন হচ্ছে না। এমনকী ৯ তারিখ শুক্রবার ভোট গণনা হবে কিনা সেটা নিয়েও সংশয় রয়েছে।

সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে তিনি বলেন, এত ফুটেজ এত কমসময়ে দেখা সম্ভব নয়। ফলে কীভাবে সমাধান সূত্রে পৌঁছনো সম্ভব সেইসকল দিকই খতিয়ে দেখা হচ্ছে। এবং সব কাগজপত্র ও রিপোর্ট খতিয়ে দেখার কাজ চলছে বলেও জানান তিনি।
রাজ্যের পরিবহণ সচিব পদে দায়িত্বপ্রাপ্ত আলাপনবাবুকে সুশান্তরঞ্জন উপাধ্যায় ইস্তফা দেওয়ার পরে মুখ্য নির্বাচনী কমিশনার করে আনা হয়েছে। তবে এই পদ অস্থায়ী। তিনি নিজেই জানান, এই ভোটটি অসম্পূর্ণ অবস্থায় রয়েছে। সেটি সম্পূর্ণ করতেই তাঁকে সরকারের তরফে এই দায়িত্ব দেওয়া হয়েছে।
ভোটপর্ব মিটলে নিজের পরিবহণ সচিবের দায়িত্বেই ফিরে যাবেন বলে ইঙ্গিত দেন আলাপনবাবু। তবে ভোট বাতিল করে পুনরায় ভোটগ্রহণ করা হবে কিনা আপাতত সেই প্রশ্ন এড়িয়ে গিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications