শীতের দাপটে কাঁপছে বাংলা, জেনে নিন আজকের আবহাওয়ার আপডেট
ডিসেম্বরের মাঝামাঝি পেরোতেই বাংলায় জাঁকিয়ে বসেছে শীত। উত্তুরে হাওয়ার জোরে প্রতিদিনই একটু একটু করে নামছে পারদ। কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সকাল ও সন্ধ্যায় শীতের কামড় স্পষ্ট। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, এই সপ্তাহে ঠান্ডা আরও বাড়তে পারে।
বর্তমানে দক্ষিণবঙ্গের বহু জেলাতেই তাপমাত্রা স্বাভাবিকের নিচে। কলকাতায় রাতের তাপমাত্রা ঘোরাফেরা করছে ১৫ ডিগ্রির কাছাকাছি। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী কয়েক দিনে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। অর্থাৎ শীতের দাপট আরও একটু বাড়ারই সম্ভাবনা।

পশ্চিমের জেলাগুলিতে ঠান্ডা আরও বেশি টের পাওয়া যাবে। সেখানে কয়েকদিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা। কোথাও কোথাও পারদ ১০ ডিগ্রির ঘরেও ঢুকে পড়তে পারে। উত্তরের ঠান্ডা হাওয়া অবাধে ঢোকার ফলেই এই পরিস্থিতি। তবে স্বস্তির খবর, বঙ্গোপসাগরে কোনও ঘূর্ণিঝড় বা নিম্নচাপ নেই। ফলে আপাতত বৃষ্টির ভাবনা নেই, রাজ্য জুড়ে শুষ্ক আবহাওয়াই বজায় থাকবে।
বৃষ্টি না থাকলেও সমস্যার কারণ হতে পারে কুয়াশা।
কলকাতা সহ হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া প্রায় সর্বত্রই ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট দেখা যেতে পারে। ফলে দৃশ্যমানতা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।
উত্তরবঙ্গেও কুয়াশার প্রকোপ বাড়বে বলে জানাচ্ছে হাওয়া অফিস। দার্জিলিং ও পার্বত্য এলাকায় মাঝারি কুয়াশা, আর কোচবিহার, আলিপুরদুয়ার সহ সমতলের জেলাগুলিতে দৃশ্যমানতা নেমে যেতে পারে ২০০ মিটার পর্যন্ত।
পাশাপাশি, উত্তরবঙ্গের তাপমাত্রাও চলতি সপ্তাহে আরও কিছুটা কমতে পারে। সব মিলিয়ে, শীতের দাপটে আগামী কয়েক দিন ভালোই কাঁপবে বাংলা।












Click it and Unblock the Notifications