সরকারি পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা, DA-র দাবিতে কর্মবিরতিতে অনড় সরকারি কর্মীরা
সরকারি কর্মীদের কাজে ফেরাতে কড়া নির্দেশিকা নবান্নের
সপ্তাহের প্রথম দিনেই ব্যাহত হতে পারে সরকারি পরিষেবা। কাজেই আজ সরকারি দফতরে কাজ থাকলে আগে থেকে খবর নিয়ে বাড়ি থেকে বেরোন। আজ থেকেই ৪৮ ঘণ্টার কর্মবিরতী শুরু করতে চলেছেন আন্দোলনকারী সরকারী কর্মীরা। বকেয়া ডিএ-র দাবিতে তাঁরা এই কর্মবিরতী পালন করবেন বলে জানিয়েছেন। এদিকে সরকারী কর্মীদের কাজে ফেরাতে মরিয়া নবান্ন। আগেই কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। আজ এবং আগামীকাল কাজ না করলে কর্মজীবন থেকে কাটা যাবে ১ দিন।

আজ থেকে কর্মবিরতী সরকারি কর্মীদের
আজ থেকে ডিএ-র দাবিতে সরকারি কর্মীদের ৪৮ ঘণ্টার কর্মবিরতী শুরু হচ্ছে। সব সরকারি দফতরেই কর্মীরা এই আন্দোলনে সামিল হবেন বলে জানিয়েছে সরকারি কর্মীদের যৌথ মঞ্চ। তার জেরে বন্ধ হয়ে যেতে পারে সরকারি পরিষেবা। সপ্তাহের প্রথম দিনে সরকারি পরিষেবা ব্যহত হওয়ার আশঙ্কা রয়েছে। কাজেই সপ্তাহের প্রথমে সরকারি দফতরে কোনও কাজ থাকলে আগে থেকে জেনে নিয়ে বাড়ি থেকে বেরোন নইলে ভোগান্তির শিকার হতে পারেন। অনেক দফতরের কাজই আজ ব্যাহত হতে পারে বলে মনে করা হচ্ছে।

নবান্নের কড়া হুঁশিয়ারি
সরকারি পরিষেবা যাতে কোনও ভাবেই ব্যাহত না হয় তার জন্য আগেই কড়া নির্দেশিকা জারি করেছে নবান্ন। নবান্নের তরফ থেকে নির্দেশিকায় জানানো হয়েছে ২০ এবং ২১ তারিখ যাঁরা কাজে যোগ দেবেন না তাঁদের কর্মজীবন থেকে ১ দিন বাদ যাবে। এমনকী শোকজের মুখেও পড়তে হতে পারে তাঁদের। ১৭ তারিখের পরে আর কারোর ছুটি কোনও সরকারি দফতরে অনুমোদন করা হবে না বলে নির্দেশিকায় জানানো হয়েছে। সরকারি কর্মীদের এই আন্দোলনকে একেবারেই গুরুত্ব দিতে নারাজ রাজ্য সরকার।

স্কুেল স্কুলে নির্দেশিকা
সামনেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা। কাজেই স্কুল সচল রাখতে মধ্যশিক্ষা পর্ষদ ইতিমধ্যেই নির্দেশিকা জারি করেছে। তাতে জানানো হয়েছে মাধ্যমিকের কথা মাথায় রেখে শিক্ষক-শিক্ষিকাদের স্কুলে আসতে হবে। ছুটি নেওয়া যাবে না। এমনকী ক্যাজুয়াল লিভও নেওয়া যাবে না। আগে থেকেই তার জন্য নির্দেশিকা দিয়ে দিয়েছে স্কুল শিক্ষা দফতর। এদিকে সরকারের কোনও প্রচেষ্টাই কাজে আসবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। প্রকাশ্যে সরকারি নির্দেশিকা পুড়িয়ে বিক্ষোভ দেখিয়েছেন তাঁরা।

তৃণমূল নেতাদের হুঁশিয়ারি
বাজেট অধিবেশনে ৩ শতাংশ ডি-এ-র কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। কিন্তু তাতে খুশি নন আন্দোলনকারীরা। তাঁদের অভিযোগ যেখানে ৩৯ শতাংশ ডিএ বাকি সেখানে ৩ শতাংশ ডিএ মরুভূমিতে এক বিন্দু জল মাত্র। আন্দোলন কোনও ভাবেই তাঁরা প্রত্যাহার করবেন না বলে জানিয়ে দেন। তারপরেই তৃণমূল কংগ্রেস বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ সোশ্যাল মিডিয়ায় হুঁশিয়ারি দিয়েছিলেন ২০-২১ তারিখ না এলে ২২ তারিখ বাড়িতেই থাকুন। সরকারী কর্মীদের হুঁশিয়ারি দিয়েই এই বার্তা দিয়েছিলেন তিনি।












Click it and Unblock the Notifications