টি২০ বিশ্বকাপ জট কাটাতে বিসিবির সঙ্গে বৈঠকে আইসিসি, গ্রুপ পরিবর্তনের প্রস্তাব নিয়েও আলোচনা
২০২৬ সালের টি২০ বিশ্বকাপের ম্যাচগুলো ভারতে না খেলতে বাংলাদেশের অনড় অবস্থানের ফাঁকেই আজ বৈঠক হলো আইসিসি ও বিসিবির মধ্যে। তবে এখনও কোনও সুনির্দিষ্ট সমাধান বেরোয়নি।
নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখিয়েই বাংলাদেশ ভারতে খেলার ব্যাপারে বেঁকে বসেছে। টুর্নামেন্ট শুরু হতে আর মাত্র তিন সপ্তাহ বাকি।

এই অচলাবস্থা নিরসনে আজ আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বৈঠক হয়। বৈঠক শেষে বিসিবি এক বিবৃতিতে জানায়, তারা "এই বিষয়ে গঠনমূলক আলোচনা চালিয়ে যাবে। আলোচনার সময়, বিসিবি আইসিসির কাছে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের জন্য তাদের আনুষ্ঠানিক অনুরোধ পুনর্ব্যক্ত করেছে।" দল, বাংলাদেশি ভক্ত, গণমাধ্যম এবং অন্যান্য স্টেকহোল্ডারদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে বাংলাদেশ সরকারের মতামত ও উদ্বেগগুলিও বোর্ড তুলে ধরেছে।"
আলোচনা গঠনমূলক, বন্ধুত্বপূর্ণ ও পেশাদারী পরিবেশে অনুষ্ঠিত হয়। সব পক্ষ খোলা মনে প্রাসঙ্গিক বিষয় নিয়ে মতবিনিময় করে। সর্বনিম্ন লজিস্টিক সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশের গ্রুপ পরিবর্তনের সম্ভাবনাও আলোচিত হয়। বিসিবি চাইছে তাদের সব খেলা শ্রীলঙ্কায় দেওয়া হোক। কলকাতা ও মুম্বইয়ে তাদের যে ম্যাচগুলি পড়েছিল সেই প্রতিপক্ষগুলির সঙ্গে খেলানো হোক আয়ারল্যান্ডকে। যদিও আইসিসি সেই দাবি মানেনি এখনও। ২০২৬ সালের টি২০ বিশ্বকাপে বাংলাদেশ গ্রুপ সি-তে রয়েছে ইংল্যান্ড, নেপাল, ওয়েস্ট ইন্ডিজ ও ইতালির সঙ্গে। বর্তমান সূচি অনুযায়ী, বাংলাদেশের প্রথম তিনটি ম্যাচ কলকাতায় এবং শেষ ম্যাচটি মুম্বইয়ে খেলার কথা।
আইসিসি প্রতিনিধি দলে ছিলেন ইভেন্টস অ্যান্ড কর্পোরেট কমিউনিকেশনসের জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনা এবং ইনটিগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেভ। ভিসা দেরিতে পাওয়ায় সাক্সেনা ভার্চুয়ালি আলোচনায় অংশ নেন, তবে এফগ্রেভ সশরীরে বৈঠকে যোগ দেন।
বিসিবির পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম, সহ-সভাপতি শাকাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট অপারেশন্স কমিটির পরিচালক ও চেয়ারম্যান নাজমুল আবেদীন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।












Click it and Unblock the Notifications