চার বছরে মোট লাভের থেকে বেশি টাকা নির্বাচনী বন্ডে! তালিকায় বাংলার কমপক্ষে দুই সংস্থা
সুপ্রিম কোর্টের নির্দেশের পরে এসবিআই নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য নির্বাচন কমিশনের হাতে তুলে দিয়েছে। তারপরেই নির্বাচন কমিশন সেই তথ্য প্রকাশ করেছে, তাদের ওয়েবসাইটে। সেখান থেকেই উঠে আসছে বিভিন্ন ধরনের তথ্য।
এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে এব্যাপারে ফিউচার গেমিং অ্যান্ড হোটেল সার্ভিসেস প্রাইভেট লিমিটেডের তথ্য তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে, ২০১৯-এর ১২ এপ্রিল থেকে ২৪ জানুয়ারি ২০২৪-এর মধ্যে তারা নির্বাচনী বন্ডের মাধ্যমে ১৩৬৮ কোটি টাকা দিয়েছে। যা যে কোনও সংস্থার তরফে নির্বাচনী বন্ডে সব থেকে বেশি দান।

এথানে আরও উল্লেখযোগ্য, ফিউচার গেমিং অ্যান্ড হোটেল সার্ভিসেস প্রাইভেট লিমিটেড গত তিন বছরে ২১৫ কোটি টাকা মুনাফা করেছে। কিন্তু তার থেকে ছয়গুণ বেশি টাকা দিয়েছে নির্বাচনী বন্ডে। ২০১৯ থেকে পাঁচ বছরের সময়কালে নির্বাচনী বন্ডে ৫০ কোটি টাকার বেশি দান করা কর্পোরেট সংস্থাগুলির মধ্যে আরও এমন কিছু সংস্থা রয়েছে, যারা মুনাফার থেকে বেশি টাকা নির্বাচনী বন্ডে দিয়েছে।
এছাড়াও এমন কিছু সংস্থা রয়েছে, যারা তাদের আয়ের একটা বড় অংশ নির্বাচনী বন্ডে দিয়েছে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে কলকাতা থেকে কাজ করা আইএফবি অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ। ২০১৯-২০ থেকে ২০২২-২৩-এর মধ্যে এরা মুনাফা করেছে ১৭৫ কোটি টাকা। আর এই সময়ের মধ্যে তারা ৯২ কোটি টাকা নির্বাচনী বন্ডে দিয়েছে। যা চার বছরে মোট আয়ের ৫৩ শতাংশ।
একইভাবে বাংলায় কাজ করা অপর সংস্থা হলদিয়া এনার্জি, ২০১৯-২০ থেকে ২০২২-২৩-এর মধ্যে এরা মুনাফা করেছে ১০১৩ কোটি টাকা। আর এই সময়ের মধ্যে তারা ৩৭৭ কোটি টাকা নির্বাচনী বন্ডে দিয়েছে। যা চার বছরে মোট আয়ের ৩৭ শতাংশ।
তবে বড় দাতাদের সবাই যে নিজেদের আয়ের সঙ্গে সামঞ্জস্যহীন টাকা নির্বাচনী বন্ডে দিয়েছে এমনটা নয়। বড় সংস্থাগুলির মধ্যে রয়েছে বেদান্ত, জিন্দাল স্টিল অ্যান্ড পাওয়ার, রেড্ডিড ল্যাবরেটরিজ, টরেন্ট ফার্মাসিউটিক্যালস। এইসব সংস্থাগুলি নির্বাচনী বন্ডে ৫০ কোটি টাকা কিংবা তার বেশি টাকা দিয়েছে। তাদের এই অনুদান নিট লাভের এক শতাংশ কিংবা তার নিচে। কোন কোনও ক্ষেত্রে এই দান অবশ্য সংস্থাগুলির মোট লাভের ২-৪ শতাংশের মতো।
দেশের টেমিকম সংস্থাগুলির মধ্যে অন্যতম ভারতী এয়ারটেল অবশ্য ব্যতিক্রমী। গত চারটি আর্থিক বছরের সবকটিতেই তারা লোকসানে থাকলেও নির্বাচনী বন্ডে সংস্থার তরফে ১৯৮ কোটি টাকা দিয়েছে তারা। ফলে যে তারা লাভের অঙ্ক থেকে এই টাকা দিয়েছে, তা কোনওভাবেই নয়।












Click it and Unblock the Notifications