পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন কত দফায়? অন্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে ভোট কবে? জানুন বিস্তারিত
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিল জাতীয় নির্বাচন কমিশন। একইসঙ্গে অসম, কেরল, তামিলনাড়ু ও পুদুচেরীর ভোটের নির্ঘণ্টও ঘোষণা করা হয়েছে।
এই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি মিলিয়ে ভোটার রয়েছেন ১৭.৪ কোটি। ৮২৪টি বিধানসভা কেন্দ্রে হবে ভোটগ্রহণ। বুথের সংখ্যা প্রায় ২.১৯ লক্ষ। ভোটকর্মী থাকবেন প্রায় ২৫ লক্ষ।

পশ্চিমবঙ্গে বিধানসভার মেয়াদ ফুরোচ্ছে ৭ মে। ২৯৪টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ২১০টি সাধারণ, ৬৮টি তফশিলি জাতি ও ১৬টি তফশিলি উপজাতি প্রার্থীদের জন্য সংরক্ষিত। অসমে ২০ মে, কেরলে ২৩ মে, পুদুচেরীতে ১৫ জুন ও তামিলনাড়ুতে ১০ মে বর্তমান বিধানসভার মেয়াদ ফুরোচ্ছে। অসমে বিধানসভা কেন্দ্রের সংখ্যা ১২৬, কেরলে ১৪০, পুদুচেরীতে ৩০, তামিলনাড়ুতে ২৩৪টি।
মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমার বলেন, পশ্চিমবঙ্গে নির্বাচন হবে ২ দফায়। প্রথম দফায় ১৫২টি আসনে ভোটগ্রহণ হবে ২৩ এপ্রিল। ২৯ এপ্রিল বাকি ১৪২টি আসনে ভোটগ্রহণ হবে। ভোটগণনা ৪ মে। অসম, কেরল ও পুদুচেরীতে ভোট হবে এক দফায়। ৯ এপ্রিল। ভোটগণনা মে মাসের চার তারিখ। তামিলনাড়ুতেও এক দফায় ভোট হবে। ২৩ এপ্রিল হবে ভোট, গণনা ৪ মে।
২০২১ সালে বিধানসভা ভোট পশ্চিমবঙ্গে হয়েছিল ৮ দফায়। এবার তা কমানো নিয়ে জ্ঞানেশ কুমার বলেন, দফা কমানোর বিষয়টি নিয়ে খুঁটিনাটি সবদিক খতিয়ে দেখা হয়েছে। এমন ব্যবস্থা করা হয়েছে যাতে সকলের সুবিধা হয়। আদালতের নির্দেশে এসআইআরের সাপ্লিমেন্টারি লিস্টে যাঁদের নাম থাকবে তাঁদের নাম ভোটার তালিকায় যুক্ত করা হবে। এদিনই ডিএ দেওয়া এবং পুরোহিত ও মোয়াজ্জিনদের ভাতা বাড়ানোর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে জ্ঞানেশ কুমার বলেন, নির্বাচনের দিন ঘোষণার পর নির্বাচনী আচরণবিধি লাগু হবে। তার আগের কোনও ঘোষণা সংশ্লিষ্ট রাজ্য সরকারের বিষয়।












Click it and Unblock the Notifications