লোকসভা নির্বাচন শেষ হতে না হতেই আরও এক উপনির্বাচন! রাজ্যের চার কেন্দ্রের ভোটের দিন ঘোষণা
রাজ্যের দশটি বিধানসভা কেন্দ্র এই মুহূর্তে খালি। ছয় কেন্দ্রের বিধানসভা সদস্যরা লোকসভায় নির্বাচিত হয়েছেন। তবে তাদের শপথগ্রহণ এখনও হয়নি। রাজ্যে আক্ষরিক অর্থে ফাঁকা থাকা চার কেন্দ্রের জন্য নির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন।
রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা ও মানিকতলা এই চার কেন্দ্রের উপনির্বাচন হহবে আগামী ২০ জুলাই। ২১ জুন মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ২৪ জুলাই মনোনয়নপত্রগুলি খতিয়ে দেখা হবে। ১০ জুলাই ভোট নেওয়ার পরে ১৩ জুলাই গণনা করা হবে। ওই কেন্দ্রগুলিতে ১৭ জুলাইয়ের মধ্যে নির্বাচনী প্রক্রিয়া শেষ করবে নির্বাচন কমিশন।

২০২১-এর বিধানসভা নির্বাচনে রায়গঞ্জ কেন্দ্রে বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন কৃষ্ণ কল্যাণী। পরে তিনি তৃণমূলে যোগ দেন এবং এবারের লোকসভা নির্বাচনে তিনি রায়গঞ্জ থেকে তৃণমূল প্রার্থী ছিলেন। লোকসভায় লড়াইয়ের আগে তিনি বিধানসভা থেকে ইস্তফা দিয়েছিলেন।
রানাঘাট দক্ষিণের ২০২১-এ জয়ী বিজেপি বিধায়ক মুকুটমনি অধিকারী লোকসভা নির্বাচনের আগে তৃণমূলে যোগ দেন। তাঁকে তৃণমূল রাণাঘাট থেকে প্রার্থী করে। সেই সময় তিনি বিধায়ক পদে ইস্তফা দেন। বাগদা কেন্দ্রেও ২০২১-এর নির্বাচনে বিশ্বজিৎ দাস বিজেপির টিকিটে জয়ী হয়ে তৃণমূলে যোগ দেন। তাঁকে এবার তৃণমূল বনগাঁ থেকে প্রার্থী করে। কিন্তু তিনি হেরে যান। লোকসভায় লড়াইয়ের আগে তিনি বিধায়ক পদে ইস্তফা দেন। অন্যদিকে মানিকতলা কেন্দ্রে গণনায় কারচুপির অভিযোগ করে আদালতে মামলা করেছিলেন কল্যাণ চৌবে। সাম্প্রতিক সময়ে তিনি আদালতের নির্দেশে মামলা প্রত্যাহার করেছেন।
এই চার কেন্দ্রের জন্য উপনির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ১০ জুলাই নির্বাচন হবে। এই চার কেন্দ্রের মধ্যে রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ এবং বাগদা কেন্দ্র বিজেপির দখলে ছিল। ফলে এই আসনগুলি বিজেপি ধরে রাখতে পারে কিনা এখন সেটাই দেখার।
এছাড়াও যে ছয় বিধানসভা কেন্দ্রের প্রার্থীরা লোকসভা নির্বাচিত হয়েছেন, তাঁদের মধ্যে রয়েছে কোচবিহারের সিতাইয়ের জগদীশ বসুনিয়া। তিনি কোচবিহার লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছেন। আলিপুরদুয়ারের মাদারিহাট কেন্দ্রের বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা আলিপুরদুয়ার থেকে লোকসভায় জয়ী হয়েছেন।
ব্যারাকপুর লোকসভায় তৃণমূলের তরফে জয়ী হয়েছেন নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক। বাঁকুড়ার তালড্যাংরার তৃণমূল বিধায়ক অরূপ চক্রবর্তী বাঁকুড়া লোকসভা থেকে জয়ী হয়েছেন। একইভাবে মেদিনীপুর এবং উত্তর ২৪ পরগনার হাড়োয়ার দুই তৃণমূল বিধায়ক জুন মালিয়া এবং হাজি নুরুল ইসলাম যথাক্রমে মেদিনীপুর এবং বসিরহাট লোকসভা থেকে জয়ী হয়েছে।
এই ছয় লোকসভা কেন্দ্রে জয়ী নেতানেত্রীদের লোকসভায় শপথ গ্রহণের আগে সংশ্লিষ্ট বিধানসভাগুলিতে ইস্তফা দিতে হবে। তারপরেই সেগুলিতে উপনির্বাচনের দিন ঘোষণা করবে নির্বাচন কমিশন। এই ছয় কেন্দ্রের মধ্যে একটি মাত্র মাদারিহাট বিজেপির দখলে ছিল। বাকি পাঁচটি তৃণমূলের দখলে ছিল।












Click it and Unblock the Notifications