যুবভারতীতে কাণ্ডে ক্রীড়ামন্ত্রীর পদ ছাড়লেন অরূপ, 'ভুলে ভরা' চিঠি পেয়ে দফতর দেখার সিদ্ধান্ত মমতার
বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির অনুষ্ঠান ঘিরে ব্যাপক বিশৃঙ্খলার জেরে রোষের মুখে পড়েছিলেন। সেই অরূপ বিশ্বাস এবার ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন।
গতকাল লেখা ওই চিঠি তিনি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ সূত্রের খবর বলে উল্লেখ করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী সেই ইস্তফা অনুমোদন করেছেন। আপাতত তিনি নিজেই ক্রীড়া দফতর দেখবেন।

অরূপ বাংলায় লেখা যে চিঠি মমতার কাছে পাঠিয়েছেন বলে দাবি করেছেন কুণাল, তাতে অজস্র বানান ভুল হাসির খোরাক হয়ে দাঁড়িয়েছে। সাধারণ সাধারণ বানানও সঠিকভাবে লিখতে পারেননি অরূপ। ক্রীড়াঙ্গনকে লিখেছেন 'ক্রিয়াঞ্জন'। পরিপ্রেক্ষিতকে লিখেছেন 'পরিপেক্ষিত'। ক্রীড়ামন্ত্রীকে লিখেছেন 'ক্রিয়ামন্ত্রী'। অব্যাহতিকে 'অব্যহতি'। ফলে অনেকেই সংশয়ী আদৌ ইস্তফাপত্র অরূপ লিখেছেন কিনা!
যুবভারতীর ঘটনায় প্রাক্তন বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই তদন্ত কমিটি যাতে নিরপেক্ষভাবে তদন্ত করতে পারে সে কারণেই তিনি ইস্তফা দিতে চান বলে নেত্রীকে জানান অরূপ। সেই অনুরোধ রাখার আর্জিও জানান টালিগঞ্জের বিধায়ক।
এদিকে, আজই রাজ্য সরকার যুবভারতী কাণ্ডে সিট গঠন করেছে চার আইপিএস অফিসারকে রেখে। তদন্ত কমিটির প্রাথমিক রিপোর্টের পরই এই পদক্ষেপ। রাজ্য পুলিশের ডিজি, বিধাননগরের পুলিশ কমিশনার এবং ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের প্রধান সচিবকে শো কজ করা হয়েছে। সরিয়ে দেওয়া হয়েছে যুবভারতীর সিইও তথা প্রাক্তন আমলাকে। বিধাননগরের ডিসিপির বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে, তাঁকে তদন্ত শেষ হওয়া অবধি সাসপেন্ডও করা হয়েছে।












Click it and Unblock the Notifications