মাধ্যমিকের প্রথম দিনেই অঘটন! প্রশ্নপত্র নিয়ে যাওয়ার পথে উল্টে গেল গাড়ি, আহত পুলিশকর্মীরা
আজ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন। আর এই প্রথম দিনের সকাল থেকেই রাজ্যজুড়ে ছিল চূড়ান্ত ব্যস্ততা। সময়মতো প্রশ্নপত্র পৌঁছে দেওয়ার জন্য তৎপর ছিল প্রশাসন। কিন্তু সেই কাজের মাঝখানেই ঘটে যায় বড়সড় দুর্ঘটনা। পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে যাওয়ার সময় বাসন্তী রাজ্য সড়কে উল্টে যায় একটি গাড়ি। এই ঘটনায় এক মহিলা পুলিশকর্মী সহ অন্তত দুই পুলিশকর্মী গুরুতর ভাবে জখম হয়েছেন।

দুর্ঘটনাটি ঘটেছে বাসন্তী রাজ্য সড়কের আমঝাড়া বাজার এলাকার কাছে। জানা গিয়েছে যে, বাসন্তী থানা থেকে মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র একটি প্রাইভেট গাড়িতে করে চড়াবিদ্যা রামকৃষ্ণ বিদ্যামন্দির পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছিল। রাস্তায় একটি টোটোকে পাশ কাটাতে গিয়ে ওই গাড়ির চালক তাঁর নিয়ন্ত্রণ হারান। মুহূর্তের মধ্যেই গাড়িটি উল্টে যায়।
দুর্ঘটনাটি ঘটার পর গাড়ির মধ্যেই দুই পুলিশকর্মী আটকে পড়েন। স্থানীয়দের খবর পাওয়ার পরে তাড়াতাড়ি ঘটনাস্থলে বাসন্তী থানার পুলিশ পৌঁছে যায়। তারপর আহতদের উদ্ধার করা হয় এবং ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের সূত্রে জানা গিয়েছে যে, আহত মহিলা পুলিশকর্মীর অবস্থা অনেটাই গুরুতর।
মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই এরকম ঘটনা ঘটনা ঘটে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। যদিও প্রশাসন সূত্রে জানা গিয়েছে যে, পরে বিকল্প ব্যবস্থায় নির্ধারিত সময়ে প্রশ্নপত্র পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications