'দেশকে সুরক্ষিত রাখার জন্য...'! সংবাদ সম্মেলনে তৃণমূলকে তীব্র ভাষায় আক্রমণ করলেন অমিত শাহ, আর কী বললেন তিনি?
আসন্ন বিধানসভা ভোটের আগেই পশ্চিমবঙ্গের শাসক তৃণমূল কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ তিনি কলকাতায় সাংবাদিক বৈঠক করেন। সেখানে তিনি বলেন যে, গত ১৫ বছরে পশ্চিমবঙ্গ ভয়, দুর্নীতি এবং অপশাসনের রাজ্যে পরিণত হয়েছে।

অমিত শাহ অভিযোগ করে বলেন, তৃণমূল সরকারের আমলে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ অনেক বেড়েছে। যে কারণে রাজ্যের সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। তাঁর কথায়, "এই সমস্যা শুধুমাত্র রাজ্যের নয়, এটি এখন জাতীয় নিরাপত্তার প্রশ্ন হয়ে উঠেছে।" তিনি আরও অভিযোগ করেন যে, সীমান্ত সুরক্ষায় রাজ্য সরকার সম্পূর্ণ ব্যর্থ।
সাংবাদিক বৈঠকে শাহ বলেন যে, "গত দেড় দশকে বাংলার মানুষ শুধু ভয় এবং দুর্নীতির শাসন দেখেছেন। অনুপ্রবেশ হওয়ার কারণে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতি বদলানোর জন্যেই মানুষ এখন পরিবর্তন চাইছেন।"
তিনি আরও দাবি করেন, যে সরকার উন্নয়ন, সংস্কৃতি রক্ষা ও গরিব মানুষের স্বার্থে কাজ করে, আসন্ন বিধানসভা ভোটে বাংলার মানুষজন সেই সরকার গঠনের পক্ষে রায় দিতে প্রস্তুত আছে। তাঁর বক্তব্য যে, ভয়, দুর্নীতি এবং অপশাসনের রাজনীতি থেকে মানুষ মুক্তি চায়।
তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তিনি বলেন, "রাজ্যে প্রকৃত উন্নয়ন থমকে গিয়েছে। কেন্দ্রের বিভিন্ন জনকল্যাণ মূলক প্রকল্প আটকে যাচ্ছে। সেই কারণে সাধারণ মানুষ প্রকল্পের সুফল পাচ্ছেন না।"
২০২৬ সালের বিধানসভা ভোটের প্রসঙ্গ তুলে তিনি আরও বলেন, "বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে বাংলার হারানো গৌরব ফিরিয়ে আনা হবে।" স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভাবনায় নতুন করে বাংলা গড়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
সীমান্ত নিরাপত্তা নিয়ে কড়া বার্তা দিয়ে অমিত শাহ বলেন যে, "দেশকে সুরক্ষিত রাখার জন্য হলে দেশপ্রেমিক সরকার দরকার। আর এই কাজ তৃণমূল পারবে না, একমাত্র বিজেপিই পারবে।"












Click it and Unblock the Notifications