বিজেপির শোচনীয় পরাজয়ে ফের মুখ্যমন্ত্রী হবেন মমতাই, নবান্নে বৈঠকের পর বললেন অখিলেশ
আজ নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন সমাজবাদী পার্টির প্রধান তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। তাঁর সঙ্গে ছিলেন সমাজবাদী পার্টির নেতা কিরণময় নন্দ।
অখিলেশ এরপর বলেন, সারা দেশে যদি কেউ বিজেপির বিরুদ্ধে যদি শক্ত হাতে লড়াই করে থাকেন, তবে তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধুমাত্র পশ্চিমবঙ্গকে টার্গেট করার জন্যই এখানে SIR করা হয়েছে।

অখিলেশ আরও বলেন, এই প্রথম দেখা যাচ্ছে যে, নির্বাচন কমিশন এবং বিজেপি মিলে SIR-এর নামে NRC চালাচ্ছে। তাদের মূল লক্ষ্য যত বেশি সম্ভব ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া। বহু মানুষকে জোর করে নিজেদের নাগরিকত্ব প্রমাণ করতে বাধ্য করা হচ্ছে। SIR-এর নামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও হেনস্থা করা হচ্ছে। আমরা আত্মবিশ্বাসী যে, বাংলার মানুষের সঙ্গে তাঁদের মুখ্যমন্ত্রীর এক গভীর আবেগের সম্পর্ক রয়েছে এবং তিনি আবারও মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হবেন।
অখিলেশের কথায়, বিজেপি এখানে সম্মানজনক পরাজয়ের জন্য লড়াই লড়ছে, কিন্তু এখানকার মানুষ তাদের শোচনীয়ভাবে পরাজিত করবে। এরা আমাদের দেশের ধর্মনিরপেক্ষতা নিয়ে ছিনিমিনি খেলছে। বাংলার চেয়েও উত্তরপ্রদেশে অনেক বেশি সংখ্যক মানুষের ভোট কেটে বাদ দেওয়া হয়েছে। বাংলা কেবল একটি রাজনৈতিক ক্ষেত্র নয়, এটি একটি সাংস্কৃতিক মিলনস্থল। এখানকার মানুষ রবীন্দ্রনাথের গান শোনেন, ঘৃণার গান নয়। যারা বিভাজন তৈরির চেষ্টা করবে তারা সফল হবে না, জয় হবে তাদেরই যারা ভালোবাসার কথা বলে।
অখিলেশ আরও বলেন, মানুষের হয়ে দায়িত্ব সহকারে লড়াই করার এই সাহসের জন্য আমি দিদিকে অভিনন্দন জানাই। কেন্দ্রীয় সংস্থাগুলো এখন বিজেপির সংগঠনে পরিণত হয়েছে। ইডি এবং সিবিআই-কে ব্যবহার করে ওরা মহারাষ্ট্রে জিতেছে। আমি আনন্দিত যে দিদি ইডিকে হারিয়ে দিয়েছেন।












Click it and Unblock the Notifications