দিল্লিতে মোদীর সঙ্গে বৈঠকের পরেই চূড়ান্ত জল্পনা, আজই কি আসছে বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা? জানুন
বঙ্গ রাজনীতিতে উত্তাপ বাড়ছে ভোটের আগে। সেই আবহেই দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক। এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ দলের শীর্ষ নেতৃত্ব। পাশাপাশি ছিলেন শমীক ভট্টাচার্য ও শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতৃত্ব। বৈঠকের পরেই জোর জল্পনা বৃহস্পতিবারই কি প্রকাশ পেতে চলেছে বাংলার বাকি আসনের প্রার্থী তালিকা?
ইতিমধ্যেই ১৪৪টি বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। বাকি প্রায় ১৫০ আসনে কারা লড়বেন, তা নিয়েই এখন চূড়ান্ত প্রস্তুতি চলছে। দলীয় সূত্রে খবর, দ্বিতীয় দফার তালিকাতেও বড় কোনও চমকের পথে হাঁটছে না গেরুয়া শিবির। বরং পুরনো ও সংগঠনে সক্রিয় কর্মী ও নেতাদেরই বেশি গুরুত্ব দেওয়া হতে পারে।

প্রথম তালিকায় সংখ্যালঘু সম্প্রদায়ের কোনও প্রার্থী না থাকায় রাজনৈতিক মহলে শুরু হয়েছিল সমালোচনা। শাসকদল তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই এ এনিয়ে কটাক্ষ করেছে। তবে বিজেপি সূত্রের দাবি, দ্বিতীয় তালিকায় সেই সমীকরণ কিছুটা বদলাতে পারে। একজন মুসলিম মহিলা প্রার্থীকে টিকিট দেওয়ার সম্ভাবনা রয়েছে বলেই খবর। যদিও কোন কেন্দ্র থেকে তিনি লড়বেন, তা এখনও স্পষ্ট নয়, মুর্শিদাবাদের কোনও আসন থেকে তাঁর নাম ঘোষণা হতে পারে বলে জল্পনা।
এদিকে আরেকটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তাও উঠে আসছে এই প্রক্রিয়া থেকে। তৃণমূলের টিকিট না পেয়ে একাধিক নেতা বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন বলে সূত্রের দাবি। দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তাঁদের কথাবার্তাও শুরু হয়েছে বলে খবর।
তবে এবার অতীতের ভুল থেকে শিক্ষা নিতে চাইছে বিজেপি। ২০২১ সালের নির্বাচনে দলবদলু প্রার্থীদের উপর ভরসা করে আশানুরূপ ফল না পাওয়ায়, এবার কৌশল বদলেছে গেরুয়া শিবির। দলীয় সূত্র স্পষ্ট করেছে, দলের বাইরে থেকে আসা মুখের বদলে সংগঠনের পরীক্ষিত নেতাদেরই প্রাধান্য দেওয়া হবে। প্রথম তালিকাতেই যার প্রতিফলন মিলেছে, আর দ্বিতীয় তালিকাতেও সেই ধারাই বজায় থাকতে পারে বলেই রাজনৈতিক মহলের অনুমান।
এখন শুধু সময়ের অপেক্ষা, আজই কি খুলবে বাকি প্রার্থীদের নামের তালিকা? নজর এখন সেদিকেই।












Click it and Unblock the Notifications