১৩ বছর পর সারদা কাণ্ডে বড় নির্দেশ, শ্যামল সেন কমিশনের রিপোর্ট প্রকাশ করতে বলল কলকাতা হাইকোর্ট
বিধানসভা নির্বাচনের আবহে বহু আলোচিত সারদা কাণ্ড নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। প্রায় তেরো বছর পর এই ঘটনার তদন্তে গঠিত বিচারপতি শ্যামল সেন কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ করার নির্দেশ দিয়েছে আদালত। এর ফলে এতদিন ধরে আড়ালে থাকা নানা গুরুত্বপূর্ণ নথি ও আর্থিক হিসেব নিকেশ সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে।
২০১৩ সালে সারদা কেলেঙ্কারির ঘটনা প্রকাশ্যে আসতেই রাজ্যজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অসংখ্য আমানতকারী তাঁদের সঞ্চিত অর্থ হারিয়ে বিপাকে পড়েন। সেই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে রাজ্য সরকার বিচারপতি শ্যামল সেনের নেতৃত্বে একটি তদন্ত কমিশন গঠন করে। রাজ্যের ঘোষিত ৫০০ কোটি টাকার তহবিল থেকে ওই কমিশনের মাধ্যমে প্রায় ২২৫ কোটি টাকা ক্ষতিগ্রস্ত আমানতকারীদের মধ্যে ফেরত দেওয়া হয়।

পরে কমিশনের কাজ শেষ হলে সমস্ত আর্থিক হিসেব নিকেশ ও অবশিষ্ট অর্থ রাজ্য সরকারের কাছে জমা দেওয়া হয়। একই সঙ্গে কমিশনের রিপোর্টের একটি অনুলিপি আদালতের কাছেও পেশ করা হয়। তবে এত বছর পেরিয়ে গেলেও সেই পূর্ণাঙ্গ রিপোর্ট জনসমক্ষে প্রকাশ করা হয়নি।
এই অবস্থায় রিপোর্ট প্রকাশের দাবিতে আদালতের দ্বারস্থ হন কয়েকজন আমানতকারী। মঙ্গলবার সেই মামলার শুনানি হয় বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ
ও উদয় কুমার দ্বৈত বেঞ্চে। শুনানির সময় আমানতকারীদের পক্ষের আইনজীবীরা তাঁদের বক্তব্য আদালতের সামনে তুলে ধরেন।
এদিন চিটফান্ড সংক্রান্ত মামলাগুলিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির আইনজীবীদের অনুপস্থিতি নিয়েও অসন্তোষ প্রকাশ করে আদালত। বিচারপতি ভরদ্বাজ বলেন, চিটফান্ড সংক্রান্ত অধিকাংশ মামলার তদন্ত এই দুই সংস্থার হাতে থাকা সত্ত্বেও বহু ক্ষেত্রে তাঁদের প্রতিনিধিরা আদালতে উপস্থিত থাকছেন না। এই পরিস্থিতি চলতে থাকলে আদালত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাধ্য হবে বলেও সতর্ক করেন তিনি।
এরপরই আদালত স্পষ্ট নির্দেশ দেয়, বিচারপতি শ্যামল সেন কমিশনের রিপোর্ট দ্রুত মামলার সমস্ত পক্ষের সামনে উপস্থাপন করতে হবে।
আমানতকারীদের পক্ষের আইনজীবী শুভাশিস চক্রবর্তী ও অরিন্দম দাস জানান, এতদিন পর যদি সারদা কাণ্ড সংক্রান্ত শ্যামল সেন কমিশনের সম্পূর্ণ প্রতিবেদন প্রকাশ্যে আসে, তবে মামলার পরবর্তী আইনি প্রক্রিয়ায় নতুন দিক উন্মোচিত হতে পারে। এখন দেখার, বহু প্রতীক্ষিত সেই রিপোর্ট কবে জনসমক্ষে আসে ও তার মধ্যে কী তথ্য সামনে আসে।












Click it and Unblock the Notifications