ভোটের আগে প্রশাসনে রদবদল, ২৮ জয়েন্ট বিডিওর পদোন্নতির তালিকা প্রকাশ নবান্নের
আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের প্রশাসনিক মহলে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল নবান্ন। পশ্চিমবঙ্গে ২৮ জন জয়েন্ট বিডিও (যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক) এর পদোন্নতির তালিকা প্রকাশ করেছে কর্মী ও প্রশাসনিক সংস্কার দপ্তর। জারি হওয়া সরকারি বিজ্ঞপ্তিতে এই পদোন্নতির কথা জানানো হয়েছে।
প্রকাশিত তালিকায় দেখা গিয়েছে, আলিপুরদুয়ারের জয়েন্ট বিডিও দীপায়ন চক্রবর্তী, বাঁকুড়ার তালড্যাংরার জয়েন্ট বিডিও শিলাদিত্য জানা, বীরভূম জেলা পরিষদের এডিএস সৌভিক সরকার ও হাওড়ার সাঁকরাইলের জয়েন্ট বিডিও অলোক্তা সেন সহ মোট ২৮ জন আধিকারিকের নাম রয়েছে। নির্দেশ অনুযায়ী, বিজ্ঞপ্তি জারির ১০ দিনের মধ্যে তাঁদের অফিসার অন স্পেশ্যাল ডিউটি (ওএসডি) হিসেবে কর্মী ও প্রশাসনিক সংস্কার দপ্তরে যোগ দিতে বলা হয়েছে।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ দিন ধরেই কয়েক জন জয়েন্ট বিডিওর পদোন্নতি আটকে ছিল। বিষয়টি নিয়ে ডব্লিউবিসিএস আধিকারিকদের মধ্যেও অসন্তোষ তৈরি হয়েছিল ও বিভিন্ন মহল থেকে পদোন্নতির দাবি উঠছিল। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকেও বারবার প্রশাসনের কাছে এই বিষয়ে পদক্ষেপের আবেদন জানানো হয়েছিল।
তবে প্রশাসনের তরফে স্পষ্ট করা হয়েছে, নির্বাচনকে সামনে রেখে কোনও বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়নি। সমস্ত নিয়ম ও প্রক্রিয়া মেনেই এই পদোন্নতি দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রের দাবি।












Click it and Unblock the Notifications