কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট
মালদহের কালিয়াচকে বিচারবিভাগীয় আধিকারিকদের ঘেরাও এবং এবার হেনস্থার ঘটনায় কড়া অবস্থান নিল সুপ্রিম কোর্ট। ঘটনায় জেলাশাসক এবং পুলিশ সুপারকে শোকজ করা হয়েছে। সেইসঙ্গে রাজ্যের শীর্ষ প্রশাসনের কাছেও বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে।

গতকাল (বুধবার) বিকেল থেকেই উত্তপ্ত হয়ে উঠেছিল কালিয়াচক এলাকা। বিচারবিভাগীয় আধিকারিকদের ঘিরে সেখানে বিক্ষোভ শুরু হয় এবং ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয়। অনেকক্ষণ ধরে আটকে থাকার পর রাতে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং প্রায় মধ্যরাতের দিকে আধিকারিকদের নিরাপদে সরিয়ে আনা হয়। আজ (বৃহস্পতিবার) সকালে অবরোধ তুলে নেওয়া হলেও এলাকায় একই উত্তেজনা বজায় রয়েছে।
গতকালের ঘটনার পর আজ সকালে বিষয়টি আদালতের নজরে আসে। প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে এই নিয়ে শুনানি হয়। আদালত স্পষ্ট জানিয়ে দে যে, সম্পূর্ণ ঘটনাটিতে প্রশাসনের ভূমিকা অত্যন্ত হতাশাজনক।
আদালতের পর্যবেক্ষণ অনুসারে, বিকেল থেকে রাত পর্যন্ত সাতজন বিচারক ঘেরাও হয়ে ছিলেন। যাঁদের মধ্যে তিনজন ছিলেন মহিলা। অভিযোগ যে, সেই সময় জেলাশাসক অথবা পুলিশ সুপার ঘটনাস্থলে কেউই পৌঁছননি। পরিস্থিতি সামাল দেওয়ার জন্যে হাই কোর্টের প্রধান বিচারপতিকে নিজে উদ্যোগ নিতে হয়। এছাড়াও বিচারকদের উদ্ধার করার পরও তাঁদের গাড়ির ওপর হামলা হওয়ার অভিযোগ উঠেছে, যা নিয়েও আদালত উদ্বেগ প্রকাশ করেছে।
বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, সম্পূর্ণ ঘটনাটিতে প্রশাসনের আরও সক্রিয় হওয়া প্রয়োজন ছিল। প্রধান বিচারপতি সূর্য কান্তও মন্তব্য করেন যে, বিচারকদের নিরাপত্তা নিশ্চিত করার দিক থেকে রাজ্য প্রশাসন ব্যর্থ হয়েছে।
আদালতে কী নির্দেশ দেওয়া হয়েছে?
- স্বরাষ্ট্রসচিব এবং ডিজিপি-র কাছে রিপোর্ট তলব।
- জেলাশাসক এবং পুলিশ সুপারকে শোকজ।
- ভবিষ্যতে বিচারকদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ।
আদালত আরও জানিয়েছে যে, এই ধরনের ঘটনাগুলি বিচারব্যবস্থার ওপর প্রভাব ফেলতে পারে এবং দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের জবাবদিহি করতে হবে।
কালিয়াচকের ঘটনাটিতে প্রশাসনিক গাফিলতি নিয়ে কড়া বার্তা দিল সুপ্রিম কোর্ট।












Click it and Unblock the Notifications