আইএসএফের সঙ্গে জোট হয়নি কংগ্রেসের, বঙ্গে ব্যর্থতায় বামেদের দিকে তির ছুড়লেন অধীর
আইএসএফের সঙ্গে জোটের ফলে বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। তারই ফল ভুগতে হয়েছে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে।
আইএসএফের সঙ্গে জোটের ফলে বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। তারই ফল ভুগতে হয়েছে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে। বিধানসভা নির্বাচনে তাঁদের শোচনীয় ব্যর্থতার জন্য আইএসএফকেই পক্ষান্তরে দায়ী করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। সেইসঙ্গে তাঁর দাবি, কংগ্রেসের সঙ্গে আইএসএফের কোনও জোট হয়নি।

বাম-কংগ্রেস জোটের সঙ্গে আইএসএফকে নেয়নি মানুষ!
অধীর চৌধুরী বলেন, বাম-কংগ্রেস জোটের সঙ্গে আইএসএফের জুড়ে যাওয়া মানুষ ভালোভাবে নেননি। তার প্রভাব পড়েছে বাম-কংগ্রেসের ভোটে। আইএসএফের সঙ্গে জোট হওয়ায় আমাদের দিক থেকে সরে গিয়েছেন একটা বড় অংশের মানুষ। তাঁরা বিজেপিকে হারাতে তৃণমূলকেই বেছে নিয়েছে। আমাদের ভোটও গিয়েছে তৃণমূলের ঝুলিতে।

আইএসএফের সঙ্গে কংগ্রেসের জোট হয়নি
আর সবথেকে বড় কথা হল- আইএসএফের সঙ্গে আমাদের জোট হয়নি। আএসএফের সঙ্গে জোট হয়েছে বামেদের। আর বামেদের সঙ্গে জোট আমাদের। বামেরা আমাদের ৯২টি আসন ছেড়েছিল, তাতে আমরা লড়াই করেছি। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর কথায়, আব্বাস সিদ্দিকির আইএসএফ বামেদের শরিক হিসেবে জোটে সামিল ছিল।

জোট হলে কি আইএসএফ কংগ্রেসের বিরুদ্ধে প্রার্থী দিত?
কিন্তু অধীর চৌধুরীর সাফ কথা, আইএসএফের সঙ্গে আমাদের জোট হয়নি। যদি জোট হত, তাহলে কি আইএসএফ কংগ্রেসের বিরুদ্ধে প্রার্থী দিত? দিত না। কিন্তু ওরা আমাদের বিরুদ্ধে প্রার্থী দিয়েছে। আইএসএফের নেতা কংগ্রেসের বিরুদ্ধে প্রচারে পর্যন্ত গিয়েছেন। এরপরে কি বলা যায়, জোট হয়েছে!

বামেদের সঙ্গে জোট নিয়েও সংশয় প্রকাশ অধীর চৌধুরীর
অধীর চৌধুরী এদিন এই মর্মে আশঙ্কা প্রকাশ করেন বামেদের সঙ্গে জোট নিয়েও। আসন্ন পুরভোটে তাঁরা বামেদের সঙ্গে জোটে না গিয়ে একা লড়তে পারেন বলে জানিয়েছেন। এদিকে আইএসএফের সঙ্গ নিয়ে বামফ্রন্টের মধ্যেও জট রয়েছে। সম্প্রতি ফরওয়ার্ড ব্লক ফ্রন্ট ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছিল। এমনকী বাম শরিকরা কংগ্রেসের সঙ্গে জোটেও আপত্তি তুলেছে।

প্রদেশ কংগ্রেস এখন অন্য পথের দিশারী
রাজনৈতিক মহল মনে করছে, আইএসএফেসর সঙ্গে জোট হোক বা বামেদের সঙ্গে জোট- তা থেকে এবার কোনও লাভই হয়নি। একটি আসনেও জিততে পারেনি বামফ্রন্ট বা কংগ্রেস কেউই। উল্টে নবাগত আইএসএফ একটি আসনে জয়লাভ করেছে। এই ফলহীন জোট থেকে বেরিয়ে প্রদেশ কংগ্রেস এখন অন্য পথের দিশারী হতে চাইছে।












Click it and Unblock the Notifications