ভরদুপুরে অ্যাসিড হামলা! ঝলসে গেলেন হাসপাতালের কর্মী, চাঞ্চল্য এলাকায়
ভরদুপুরে বালুরঘাটে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। জনবহুল এলাকায় অ্যাসিড হামলার শিকার হলেন এক মহিলা। আহত ওই মহিলার নাম সন্তোষী রজক, বয়স ৩৯। জানা গিয়েছে যে, তিনি বালুরঘাট জেলা হাসপাতালের ইউএসজি বিভাগের অস্থায়ী কর্মী। ভয়ঙ্কর এই ঘটনার তদন্ত শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে, শনিবার কাজ সেরে টোটোয় করে বাড়ি ফিরছিলেন তিনি। অভিযোগ, রঘুনাথপুর বিএম হাইস্কুলের কাছে পৌঁছতেই স্কুলের পাঁচিলের আড়াল থেকে হঠাৎ করে তাঁর দিকে অ্যাসিড ছুড়ে মারে দুষ্কৃতীরা। এতে তাঁর বাম হাত এবং পায়ের বেশ কিছু অংশ ঝলসে যায়।
মহিলাটির চিৎকার শুনে তাড়াতাড়ি ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। তারপরে পরে তাঁকে উদ্ধার করে গুরুতর অবস্থায় হাসপাতালের বার্ন ওয়ার্ডে ভর্তি করা হয়। ঘটনাস্থল থেকে একটি অ্যাসিডভর্তি বোতল উদ্ধার করেছে পুলিশ।
পরিবারের দাবি যে, জমি বিক্রি সংক্রান্ত বিবাদের কারণেই এই হামলা হয়ে থাকতে পারে। জানা গিয়েছে যে, আক্রান্ত ওই মহিলার স্বামী আগে আইএনটিটিইউসি (INTTUC)-এর শহর সভাপতি ছিলেন এবং কয়েক বছর আগেই তাঁর মৃত্যু হয়েছে। বর্তমানে মেয়ে এবং বৃদ্ধা মাকে নিয়ে তিনি সংসার চালান।
ইতিমধ্যেই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে এবং অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে। এক জেলা পুলিশ সুপার জানিয়েছেন যে, বিষয়টি ভালোভাবে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং অভিযোগ পেলে আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।












Click it and Unblock the Notifications