মধ্যরাতে অভিযান! ভারতী ঘোষের গাড়ি থেকে বাজেয়াপ্ত 'হিসেবের বেশি' টাকা
মধ্যরাতে অভিযান, পিংলায় বিজেপি প্রার্থী ভারতী ঘোষের গাড়ি থেকে উদ্ধার হিসেবের বেশি টাকা। সব মিলিয়ে ১ লক্ষ ১৩ হাজার ৮৯৫ টাকা উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশ সূত্রে।
মধ্যরাতে অভিযান, পিংলায় বিজেপি প্রার্থী ভারতী ঘোষের গাড়ি থেকে উদ্ধার হিসেবের বেশি টাকা। সব মিলিয়ে ১ লক্ষ ১৩ হাজার ৮৯৫ টাকা উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশ সূত্রে। যদিও ভারতী ঘোষ সিজার লিস্টে সই করতে অস্বীকার করেন বলে জানা গিয়েছে। সকালে গাড়িটিকে দাসপুরে ভারতী ঘোষ যে বাড়িতে রয়েছেন, সেই বাড়ির সামনে দেখা যায়।

ভারতী ঘোষের গাড়িতে হিসেবের বেশি টাকা
ঘাটালের বিজেপি প্রার্থী প্রাক্তন আইপিএস ভারতী ঘোষের গাড়িতে হিসেবের বেশি টাকা। সব মিলিয়ে ১ লক্ষ ১৩ হাজার ৮৯৫ টাকা উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশ সূত্রে। রাত দুটো নাগাদ পিংলায় পুলিশ গাড়ি থামিয়ে তল্লাশি চালায়। পুলিশের দাবি, ভারতী ঘোষ প্রথমে গাড়ি তল্লাশি করতে দিতে অস্বীকার করেন। পুলিশের অভিযোগ, তিনি পালিয়ে যাওয়ারও চেষ্টা করেন। শেষ পর্যন্ত ভারতী ঘোষ সিজার লিস্টে সই করেননি বলে জানা গিয়েছে। নির্বাচনী বিধি ভেঙে টাকা নিয়ে যাওয়ার অভিযোগ।

ভারতী ঘোষের সাফাই
বিজেপি প্রার্থী ভারতী ঘোষ দাবি করেছেন, পুরো টাকারই হিসেব রয়েছে। এই টাকার মধ্যে ৫০ হাজার টাকা ছিল তাঁর কাছে। ৪৯ হাজার টাকা ছিল তাঁর কনভেনরের কাছে। বাকি ১৪ হাজার টাকার মতো ছিল তাঁর চালকের কাছে। পুলিশ পুরো টাকাই বাজেয়াপ্ত করে। পুলিশ শুধু তাঁকে দিয়েই সিজার লিস্টে সই করাতে চায়। কিন্তু পুরো টাকা তার না হওয়ায় তিনি ওই সিজার লিস্টে সই করেননি বলে জানিয়েছেন। বিষয়টি নিয়ে পুলিশের বিরুদ্ধে তিনি ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন।

তৃণমূলের বিক্ষোভ
এই খবর ছড়িয়ে পড়তেই বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল সমর্থকরা। তাঁদের দাবি ছিল ভারতী ঘোষকে গ্রেফতার করতে হবে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তৃণমূলের অভিযোগ, বিজেপিকে ভোট দেওয়ার জন্য প্রভাবিত করতেই এই টাকা বিলি করা হচ্ছে। তৃণমূল কর্মীদের কাউকে হাজার টাকা এবং সাধারণ ভোটারদের ৫০০ টাকা করে দেওয়ার অভিযোগ করেছে তৃণমূল। পোলিং এজেন্টদের ১০ হাজার টাকা করে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছে তৃণমূল।












Click it and Unblock the Notifications