ইডিকে নিশানা অভিষেকের, আদালতে বড় তথ্য পেশের হুঁশিয়ারি
আই-প্যাক কাণ্ডে ইডির আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে যে শুনানি আজ হলো তা নিয়ে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আদালত রায় দেওয়ার মালিক। সুপ্রিম কোর্ট কোনও রায় দিলে সেটা ঠিক আছে, কিন্তু মামলা তো শেষ হয়নি, চলবে।
অভিষেক আরও বলেন, শুনানির পরবর্তী দিন নিশ্চয়ই আজ দেওয়া হয়েছে। আবার লড়াই হবে।

এরপরই ইডিকে নিশানা করে অভিষেক বলেন, আমাদের প্রশ্ন হলো, আই-প্যাকের নামে তল্লাশি চালাতে আপনারা সব সময় বাংলাতেই কেন আসেন? আই-প্যাকের অফিস হায়দরাবাদে আছে, তামিলনাড়ুর চেন্নাইয়েও আছে। সেখানে তো তল্লাশি হচ্ছে না! আরও তিনজন ডিরেক্টর আছেন, তাঁদের বাড়িতে তো আপনারা যাননি। তল্লাশি নিয়ে আমাদের কাছেও কিছু খবর আছে।
অভিষেকের কথায়, যারা সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে দাঁড়িয়ে মিথ্যা বলছেন, তাদের আদালত অবমাননার দায়ে কাঠগড়ায় দাঁড়াতে হবে। পালানোর কোনও পথ থাকবে না। সাংবাদিক বন্ধুদের অনুরোধ করব, আপনারা ইডির পঞ্চনামাটা ভালো করে পড়ুন। ইডি দাবি করছে, মুখ্যমন্ত্রী নাকি জোর করে নথিপত্র ছিনিয়ে নিয়েছেন। অথচ তল্লাশি শেষে ইডি অফিসারদের তৈরি করা পঞ্চনামা অন্য কথা বলছে। আমাদের হাতে যা তথ্য আছে তা আমরা আগামী দিনে আদালতে পেশ করব।
অভিষেক আরও বলেন, ইডি চায়নি হাইকোর্টে মামলাটা চলুক। যে সংস্থা নিজেরা হাইকোর্টে মামলা করল, তারাই গতকাল সময় চেয়ে মুলতবি চাইল। একদিন হাইকোর্টে মামলা করল, আর ঠিক তার পরের দিনই সেই মামলা সুপ্রিম কোর্টে নিয়ে গেল। এর পেছনের কারণ ইডি-ই ভালো বলতে পারবে। বিচারব্যবস্থাকে দোষ দেওয়া সহজ, আমি কোনও বিচারককে লক্ষ্য করে কিছু বলছি না, কিন্তু প্রশ্ন তো ওঠেই, কেন ইডি তড়িঘড়ি হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে গেল এবং নিজেদের মামলা হাইকোর্টে না শোনার আর্জি জানাল? সুপ্রিম কোর্টকে যদি ভুল বোঝানো হয়ে থাকে এবং পরে যদি সঠিক নথি পেশ করা হয়, যা জনসমক্ষেও আসবে তখন মানুষই বিচার করবেন আসল সত্য কী।
সুপ্রিম কোর্টের শুনানি ও অন্তর্বর্তী রায় প্রসঙ্গে অভিষেক বলেন, সুপ্রিম কোর্ট যা বলেছে, তা সকলকেই মেনে চলতে হবে। তবে মনে রাখতে হবে, এটি একটি অন্তর্বর্তী আদেশ এবং এটি পরিবর্তনসাপেক্ষ। চূড়ান্ত শুনানির পর আদালত তার চূড়ান্ত রায় দেবে। অন্তর্বর্তী আদেশ বহাল থাকবে না বাতিল হবে, তা সম্পূর্ণ আদালতের এখতিয়ার। পরবর্তী শুনানি পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।












Click it and Unblock the Notifications