আরামবাগ ও ঘাটালে হাতছাড়া আসন পুনরুদ্ধারের রোডম্যাপ তৈরি, দলীয় নেতৃত্বকে বড় বার্তা অভিষেকের
আরামবাগ ও ঘাটালে সাংগঠনিকভাবে বেশ মজবুত জায়গাতেই রয়েছে তৃণমূল কংগ্রেস। যদিও বিজেপির কাছে ২০২১ সালের নির্বাচনে যে আসনগুলিতে তৃণমূল হেরে গিয়েছিল তা পুনরুদ্ধারে বিশেষ রোডম্যাপ তৈরি করলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

অভিষেকের ক্যামাক স্ট্রিটের দফতরে গতকাল এই দুই সাংগঠনিক জেলার নেতৃত্ব হাজির ছিলেন। রাজ্য সভাপতি সুব্রত বক্সীও বৈঠকে ছিলেন। সূত্রের খবর, ব্লকভিত্তিক দলের সাম্প্রতিক অবস্থার খুঁটিনাটি তথ্য শুনে নেন অভিষেক, এরপর বেশ কিছু নির্দেশ দেন। আরামবাগ থেকে মিতালি বাগ লোকসভা নির্বাচনে জিতলেও পুরশুড়া, খানাকুল ও গোঘাটে পিছিয়ে ছিল তৃণমূল। এ ছাড়া গত বিধানসভা নির্বাচনে আরামবাগ মহকুমার চারটি আসনেই হেরে গিয়েছিল তৃণমূল। এই আসনগুলি পুনরুদ্ধার করতে হবে বলে দলীয় নেতৃত্বকে নির্দেশ দিয়েছেন অভিষেক।
প্রতিটি বিধানসভা কেন্দ্রে দলীয় কোন্দল মেটাতে নির্দেশ দেওয়া হয়েছে আরামবাগ সাংগঠনিক জেলার নেতাদের। ঐক্যবদ্ধ হয়ে জনসংযোগ বাড়াতেও বলা হয়েছে। ঘাটালের বৈঠকের সময় সাংসদ দীপক অধিকারী (দেব) ছিলেন না। ঘাটাল সাংগঠনিক জেলাতেও হেরে যাওয়া আসন পুনরুদ্ধারে জোর দেন অভিষেক। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা ও রাজ্য সরকারের নিজের টাকায় এই প্রকল্প বাস্তবায়নের কথা আরও জোরালোভাবে তুলে ধরতে নির্দেশ দেন অভিষেক।
উল্লেখ্য, ঘাটাল লোকসভায় ৬টি বিধানসভা কেন্দ্র তৃণমূলের হাতে থাকলেও একমাত্র ঘাটাল বিধানসভা কেন্দ্রটি রয়েছে বিজেপি। অভিষেকের সঙ্গে বৈঠকের পর এই আসনটি পুনরুদ্ধারে আশাবাদী সেখানকার নেতৃত্ব। আরও জানা গিয়েছে, ডেবরা, পিংলা ও কেশপুর ব্লকের নেতৃত্ব বদল নিয়ে বিধায়ক ও সংশ্লিষ্ট সাংগঠনিক জেলার একাংশের মধ্যে মতবিরোধ দেখা দেয়। সকলেই তাঁদের প্রস্তাব দিয়েছেন। ব্লক নেতৃত্ব পরিবর্তনের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোথাও বিধায়ক ব্লক নেতৃত্বের বদল চাইছেন, কোথাও আবার ব্লক নেতৃত্ব চাইছেন আগামী বিধানসভা নির্বাচনে প্রার্থী বদল। অভিষেক সকলকে একসঙ্গে কাজ করার নির্দেশ দেন। আজ মেদিনীপুর ও শ্রীরামপুর সাংগঠনিক জেলার সঙ্গে বৈঠক করবেন অভিষেক।












Click it and Unblock the Notifications