SIR-নিয়ে পথে নামছে তৃণমূল! কবে? ভয় পাচ্ছে সরকার? সবটা জানালেন ‘সেনাপতি’ অভিষেক
বিহারের পর এবার বাংলার পালা। বঙ্গে শুরু হতে চলেছে এসআইআর (SIR)। ভোটার তালিকায় এই বিশেষ নিবিড় সমীক্ষা (এসআইআর) নিয়ে প্রায় শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে নির্বাচন কমিশন। আর এই মধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তর্জা। বিজেপির দাবি ভুয়ো ভোটার নিয়ে ভোটে জিতছে তৃণমূল। বিরোধীদের অনেকে জানাচ্ছেন SIR হলে প্রায় ১ কোটি ভোটার তালিকা থেকে বাদ যাবে। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন, এসআইআর করে যতই নাম বাদ দিক, তা-ও তৃণমূলের আসন বাড়বে।

তৃণমূলের 'সেনাপতি' অভিষেক বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে বিজয়া সম্মিলনীতে মিলিত হয়েছিলেন। সেখানেই একটি আলোচনা পর্বে এসআইআর নিয়ে আত্মবিশ্বাসের কথা জানিয়েছেন। অভিষেক আরও জানান, SIR থেকে যাতে বিনা কারণে কোনও বৈধ ভোটারের নাম বাদ না যায় তা নিয়ে কমিশনকে চাপে রাখতে পথে নামছে তৃণমূল। সূত্রের খবর, আগামী ২ নভেম্বরে কলকাতার শহিদ মিনার অথবা অন্য কোথাও থেকে সমাবেশ করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আবার জানা যাচ্ছে, ২ নভেম্বর শহিদ মিনার ময়দানে অন্য একটি কর্মসূচি থাকার ফলে তৃণমূলের এই সভা হতে সমস্যা হতে পারে। যদি না হয় তবে ১লা নভেম্বর বা ১১ নভেম্বর হবে সেই সভা। কিছু দিনের মধ্যেই তারিখ চূড়ান্ত করে ফেলবে তৃণমূল।
SIR নিয়ে এখনও অনেক মানুষের মনে বহু ভুল ধারণা জন্ম নিয়েছে। এটি করার মূল উদ্দেশ্য হচ্ছে, মূলত যাঁরা মৃত ভোটার, যাঁদের বাসস্থান পরিবর্তন হয়েছে, যেসব ভোটারদের দুই জায়গায় নামের তালিকা আছে সেইসব ভোটারদের নামের তালিকা ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার জন্যই শুরু হয়েছে এই কাজ। যদিও বাংলার বহু এলাকার মানুষ বলছেন ভোটার তালিকায় বিপুল সংখ্যক মৃত ভোটার রয়েছেন। বিরোধীরাও অভিযোগ জানিয়েছেন, বিধানসভাপিছু অন্তত ১২-১৫ হাজার মৃত ভোটার রয়েছেন। আর এই মৃত ভোটার নাকি সব নির্বাচনে ভোট দিয়েই চলেছেন এবং তৃণমূলকে টিকিয়ে রাখছেন। তবে শাসকদল এই সমস্ত অভিযোগকে কার্যত উড়িয়ে দিয়েছে। তাদের বক্তব্য, এই সব করে তৃণমূলের শক্তি ও ঐক্যকে কেউই হারাতে পারবে না। ২০২৬-এর নির্বাচনেও তার ফল দেখা যাবে ঠিক।












Click it and Unblock the Notifications