বিজেপির গেরুয়া গুন্ডাগিরি বরদাস্ত করবে না বাংলা, বার্তা অভিষেকের
ব্রিগেডগামী বাস থেকে মন্ত্রী ডা. শশী পাঁজার বাসভবনে আক্রমণ চালিয়েছে বিজেপি কর্মী-সমর্থকরা। এই অভিযোগ ঘিরে সরগরম কলকাতার গিরীশ পার্ক এলাকা।
মন্ত্রী নিজে দাবি করেছেন তিনি নিজে আহত হয়েছেন। এই ঘটনায় আহত কয়েকজন তৃণমূল কর্মী-সমর্থককে নিয়ে সাংবাদিক বৈঠক করেছেন শশী পাঁজা, ব্রাত্য বসু, সায়নী ঘোষরা।

শশীর অভিযোগ, তাঁকে প্রাণে মারতেই হামলা চালানো হয়েছে। যারা হামলা চালিয়েছে তারা দুষ্কৃতী নয়, খুনি! বাসে ইট, বোতম, বোমা, লাঠি রাখা ছিল বলেও দাবি শশীর। এই ঘটনার তীব্র সমালোচনা করে এ ধরনের কাণ্ড বরদাস্ত করা হবে না বলে বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
অভিষেক এক্স বার্তায় লেখেন, ন্ত্রী শশী পাঁজার উপর বর্বর ও কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা জানাই। তাঁর বাড়ি ভাঙচুর ও তছনছ করা হয়, দলের কর্মী-সমর্থকদের নির্মমভাবে মারধর করা হয় এবং পাথর-ইটের আঘাতে তাঁকেও আহত করা হয়েছে।
অভিষেকের কথায়, প্রকাশ্য দিবালোকে এক কর্মরত ক্যাবিনেট মন্ত্রীর উপর হামলা চালিয়েছে বিজেপি গুন্ডারা, যারা শহরে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উৎসাহিত হয়েছিল। এটি কেবল একজন নয়, বাংলার প্রতিটি নারীর উপর আঘাত। এর আগেও বাংলা এমন ঘটনা দেখেছে। ২০১৯ সালে অমিত শাহের সভার সময় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুর ও অবমাননা করা হয়েছিল। এটি বিজেপির সংস্কৃতি। এই বহিরাগত বিজেপি জমিদাররা বাংলায় উস্কানিমূলক রাজনীতি আমদানি করতে চায়। তারা শান্তি নষ্ট করে ভয় ছড়াতে চায়। এই কাজ ক্ষমা করা হবে না, ভোলাও হবে না। বাংলা বিজেপির গেরুয়া গুন্ডাগিরি বরদাস্ত করবে না।












Click it and Unblock the Notifications