Aadhar Card: বাতিল হচ্ছে আধার, মাথায় হাত গ্রাহকদের! হোয়াটস অ্যাপ 'নম্বর' দিলেন মমতা
Aadhar Card: বাতিল হয়ে যাচ্ছে আধার কার্ড! যা নিয়ে রাজ্যের বিভিন্ন জেলায় বাড়ছে আতঙ্ক। এই অবস্থায় বিশেষ হোয়াটসঅ্যাপ নম্বর চালু করল নবান্ন। আধার বাতিলের কথা জানিয়ে চিঠি আসছে গ্রাহকদের কাছে। আর তা যদি আসে তা সঙ্গে সঙ্গে নবান্নের তরফে জারি করা হোয়াটস অ্যাপ নম্বরে জানানোর কথা বলা হয়েছে।
শুধু সমস্যা নয়, তা সমাধান করা হবে বলেও নবান্ন সূত্রে জানা গিয়েছে। গত কয়েকদিন আগেই এই বিষয়ে আওয়াজ তোলেন মুখ্যমন্ত্রী। জানান, আধার সমস্যা (Aadhar Card) সমাধানে সরকার একটি পোর্টাল চালু করবে। এমনকি আধারের পরিবর্তে রাজ্য আলাদা কার্ড দেবে বলেও জানান রাজ্যের প্রশাসনিক প্রধান। যাতে ব্যাঙ্ক কিংবা অন্যান্য সরকারি সুবিধা পেতে না সমস্যা হয়।

আর এরপরেই এই বিষয়ে উদ্যোগী হল নবান্ন। চালু করা হল নয়া একটি পোর্টাল। একই সঙ্গে একটি হোয়াটস অ্যাপ নম্বরও দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার রাত ১০ টার পর থেকে হোয়াটস অ্যাপ নম্বরটি কাজ করবে। আর সেই নম্বর হল ৯০৮৮৮৮৫৫৪৪।
অন্য দিকে, যে পোর্টাল চালু করা হয়েছে সেটি হল - 'https://রাজ্যেরআধারসমস্যার.com' । ইতিমধ্যে ওই পোর্টাল চালু করা হয়েছে। যেখানে নাম এবং ঠিকানা দিতে হবে। পাশাপাশি আধার বাতিলের (Aadhar Card) যে চিঠি আসছে তাও আপলোড করার কথা বলা হয়েছে।
আজ মঙ্গলবার বিভিন্ন জেলায় নতুন করে আধার কার্ড বাতিল হয়েছে। বিশেষ করে কাঁকসা ব্লকের ১১মাইল শ্যামবাজার কলোনি ও রাধামোহন পুর এলাকায় ১১জনের আধার কার্ড বাতিল করা হয়েছে। যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিশেষ করে আধার কার্ড বাতিল হওয়ার কারণে ব্যাংক থেকে টাকা তুলতে সমস্যায় পড়েছেন সেখানকার মানুষ। অন্যদিকে বাগদার হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতের পুরাতন হেলেঞ্চা গ্রামে এদিন একসঙ্গে ৩৩ জনের আধার কার্ড বাতিলের চিঠি এসেছে বলে জানা গিয়েছে। সোমবার বনগাঁর কয়েক জন বাসিন্দার কাছে আধার বাতিলের কথা জানিয়ে চিঠি আসে। যা নিয়ে আতঙ্ক ছড়ায়। সেই রেশ কাটতে না কাটতেই ফের একই ঘটনা।
ভোটের মুখে এভাবে আধার কার্ড বাতিল কেন? তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলেছেন প্রশাসনিক প্রধান। এনআরসি করে নাম বাতিল ষড়যন্ত্র নিয়ে আশঙ্কা প্রকাশ করেন তিনি। এই বিষয়ে ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠিও দিয়েছেন মুখ্যমন্ত্রী। যদিও পুরো বিষয়টি প্রযুক্তিগত ত্রুটি বলে দাবি করেছেন কেন্দ্রীয়মন্ত্রী শান্তনু ঠাকুর। পুরো বিষয়টির জন্য ক্ষমাও চেয়ে নিয়েছেন তিনি। ইতিমধ্যে এই বিষয়ে কেন্দ্রীয়মন্ত্রীর সঙ্গে আলোচনাও হয়েছে বলে জানিয়েছেন শান্তনু ঠাকুর।












Click it and Unblock the Notifications