শ্বশুরবাড়িতে মদের আসরের প্রতিবাদ করে গুলিবিদ্ধ জামাই
শ্বশুরবাড়িতে গিয়ে মদের আসরের প্রতিবাদ করে গুলিবিদ্ধ হলেন জামাই। ঘটনাটি ঘটেছে নাটাবাড়িতে। নিপুণ নামে ওই ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শ্বশুরবাড়ি এসে মদ্যপানের আসরের প্রতিবাদ করে গুলিবিদ্ধ হলেন জামাই। সোমবার গভীর রাতে কোচবিহারের নাটাবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। আক্রান্ত যুবকের নাম নিপুণ বর্মন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় এমজেএন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকেই পলাতক দুই অভিযুক্ত। পুলিশ এই গুলিকাণ্ডের তদন্ত শুরু করেছে। দুই অভিযুক্তের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।
কোচবিহারের চিলাখানার বাসিন্দা নিপুণ। নাটাবাড়িতে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি এসেছিলেন। বাড়ির সামনেই একদল যুবক মদের আসর বসিয়ে ছিল সোমবার সন্ধ্যায়। নিপুণ সেই ঘটনার প্রতিবাদ করেছিলেন। তখনকার মতো ঝামেলা মিটে গেলেও। রাতে ফের চড়াও হয় মদ্যপ যুবকেরা।

মাঝরাতে দুই প্রতিবেশী যুবক নিপুণের শাশুড়িকে ডাকাডাকি করতে থাকে। তখন শাশুড়ির সঙ্গে নিপুণও বেরিয়ে যান। শাশুড়ির পাশে জামাইকে দেখেই তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে এক প্রতিবেশী। নিপুণবাবুর পেটে লাগে গুলি। তাঁকে রক্তাক্ত অবস্থা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমান কোচবিহারের এমজেএন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
পুলিশ এই ঘটনার তদন্ত নেমে অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে। শুধুই মদ্যপানের প্রতিবাদ নাকি অন্য কোনও কারণ রয়েছে এই গুলিকাণ্ডে, তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।












Click it and Unblock the Notifications