মার্চের শুরুতেই গ্যাসে নতুন ধাক্কা, বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের দাম, স্বস্তিতে ঘরোয়া গ্রাহকরা
মার্চের শুরুতেই ফের ধাক্কা বাণিজ্যিক ক্ষেত্রে। পরপর মাসে দাম বাড়ার ধারাবাহিকতা বজায় রেখে আবারও মূল্যবৃদ্ধি হল বাণিজ্যিক রান্নার গ্যাসে। তবে আপাতত স্বস্তিতে ঘরোয়া গ্রাহকরা, বাড়ির ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি।
নতুন সংশোধিত তালিকা অনুযায়ী, ১ মার্চ ২০২৬ থেকে কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ১৮৭৫ টাকা ৫০ পয়সা। আগের দামের তুলনায় প্রতি সিলিন্ডারে বৃদ্ধি ৩১ টাকা। অর্থাৎ বছরের শুরু থেকেই যে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছিল, মার্চেও তার ব্যতিক্রম ঘটল না।

তেল সংস্থাগুলির দাবি, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দর, অপরিশোধিত তেলের মূল্য ও মুদ্রা বিনিময় হারের ওঠানামার উপর নির্ভর করেই প্রতি মাসে দামের পুনর্মূল্যায়ন করা হয়। সেই সূত্রেই কখনও দাম বাড়ছে, কখনও কমছে। যদিও সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, কমার থেকে বাড়ার ঘটনাই বেশি।
গত বছরের অক্টোবর মাসে বাণিজ্যিক গ্যাসের দাম বেড়েছিল প্রায় ১৫ টাকা ৫০ পয়সা। নভেম্বর মাসে সামান্য কমে ৫ টাকা হ্রাস পেলেও তা স্থায়ী হয়নি। ডিসেম্বরের কিছুটা স্বস্তির পর নতুন বছরে বড় ধাক্কা আসে ১ জানুয়ারি ২০২৬ এ একলাফে প্রায় ১১১ টাকা বৃদ্ধি পায় দাম। ফেব্রুয়ারিতে আরও ৪৯ টাকা বাড়ে। আর মার্চে নতুন করে ৩১ টাকা সংযোজনে স্পষ্ট, টানা কয়েক মাস ধরেই ঊর্ধ্বমুখী বাণিজ্যিক গ্যাসের বাজার।
এই ধারাবাহিক মূল্যবৃদ্ধিতে স্বাভাবিকভাবেই চাপ বাড়ছে হোটেল, রেস্তরাঁ, ধাবা ও বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের উপর। ব্যবসায়ীদের একাংশের আশঙ্কা, উৎপাদন ও পরিষেবা খরচ বাড়লে তার প্রভাব শেষ পর্যন্ত সাধারণ বাজারদরেও পড়তে পারে।
তবে আপাতত স্বস্তির জায়গা একটাই ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ১৪.২ কেজির গৃহস্থালির গ্যাসের মূল্য ৮৭৯ টাকাতেই স্থির। ফলে সাধারণ পরিবারের মাসিক বাজেটে নতুন কোনও চাপ না পড়লেও, বাণিজ্যিক ক্ষেত্রে ধারাবাহিক মূল্যবৃদ্ধি ভবিষ্যতে সামগ্রিক বাজারে প্রভাব ফেলবে কি না, সে দিকেই নজর সবার।












Click it and Unblock the Notifications