একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ
ভোটের মুখে রাজ্য প্রশাসনে বড়সড় রদবদলকে ঘিরে চরম বিতর্ক তৈরি হল। নির্বাচন কমিশনের নির্দেশে একই দিনে ২৬৭ জন আধিকারিককে বদলি করার সিদ্ধান্ত এবার পৌঁছে গেল কলকাতা হাইকোর্টের দোরগোড়ায়।
রবিবার সন্ধ্যায় হঠাৎই রাজ্যের ১৭৩টি থানার ওসি ও আইসি দের বদলির নির্দেশ জারি করে কমিশন। মোট ১৮৪ জন পুলিশ আধিকারিককে সরিয়ে দেওয়া হয়। এর আগেই, একইদিনে দুপুরে ১৮ জেলার ৮৩ জন বিডিও এর বদলির নির্দেশ দেওয়া হয়েছিল। ফলে ওসি থেকে বিডিও একদিনেই এত বিপুল সংখ্যক প্রশাসনিক বদল নজিরবিহীন বলেই মনে করছেন অনেকেই।

এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সোমবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন তৃণমূল সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে তিনি মামলার দ্রুত শুনানির আবেদন জানান। আদালত ইতিমধ্যেই মামলার অনুমতি দিয়েছে, মঙ্গলবারই শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, গত ১৫ মার্চ বিধানসভা ভোটের দিন ঘোষণার পর থেকেই রাজ্যে এমসিসি তথা মডেল কোড অব কনডাক্ট চালু হয়েছে। তারপর থেকেই একের পর এক প্রশাসনিক বদল শুরু করে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজিপি থেকে শুরু করে বিভিন্ন জেলার জেলাশাসক ও পুলিশ সুপারদেরও সরানো হয়েছে।
এই ব্যাপক বদলিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ তুলেছে রাজ্যের শাসকদল তৃণমূল। যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্প্রতি কলকাতা সফরে এসে জানিয়েছেন, ভোটের আগে এই ধরনের রদবদল স্বাভাবিক প্রক্রিয়ারই অংশ।
তবে একদিনে এত সংখ্যক আধিকারিক বদলি এই ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। এখন নজর আদালতের রায়ের দিকে।












Click it and Unblock the Notifications